মিয়া গোলাম পরওয়ারের বিবৃতি
‘দেশে চলমান হামে আক্রান্ত ও মৃতের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে কার্যকর ও তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে হঠাৎ করেই হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, নিশ্চিত ও সন্দেহভাজন হামে মৃতের সংখ্যা ইতোপূর্বে ৪৫০ ছাড়িয়ে গেছে, যা অত্যন্ত আশঙ্কাজনক এবং একটি স্বাধীন দেশের জনস্বাস্থ্যব্যবস্থার জন্য চরম উদ্বেগের বিষয়। সঠিক সময়ে যথাযথ প্রতিরোধমূলক পদক্ষেপ, টিকাদান কর্মসূচির স্থবিরতা এবং গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবার অপ্রতুলতার কারণেই আজ পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছেছে।
এই বিপর্যয়কর পরিস্থিতি থেকে দেশের মানুষকে, বিশেষ করে কোমলমতি শিশুদের রক্ষা করতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে জোর দাবি জানাচ্ছি:
১. দেশের প্রতিটি অঞ্চলের জন্য অবিলম্বে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়ে শতভাগ হামের টিকাদান নিশ্চিত করতে হবে।
২. আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ মেডিকেল টিম গঠন করে জরুরি ওষুধ ও পুষ্টি সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।
৩. দেশের সব সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হাম রোগীদের জন্য পৃথক ওয়ার্ড এবং পর্যাপ্ত চিকিৎসার সরঞ্জাম নিশ্চিত করতে হবে।
৪. রোগটি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে।
পাশাপাশি, ‘আমি জামায়াতে ইসলামীর সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ জনশক্তিকে নিজ নিজ এলাকায় হামে আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং টিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ রব্বুল আলামীনের দরবারে এই মহামারিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি, নিহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে আক্রান্তদের দ্রুত সুস্থতাদানের জন্য দোয়া করছি।