দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ খাতের সংকট মোকাবিলায় সরকারকে দ্রুত ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে শফিকুর রহমান বলেন, দেশের গার্মেন্টস শিল্প বর্তমানে কঠিন সময় পার করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিশ্ববাজারের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল বা কমে যাওয়ার কারণে এ খাত সংকটে পড়েছে।
অন্যদিকে, বাড়িভাড়া, নিত্যপণ্যের দাম, যাতায়াত ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জীবনও কঠিন হয়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।
জামায়াতের আমির বলেন, দেশের প্রধান রপ্তানি খাতকে টিকিয়ে রাখতে এর বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে উৎপাদনের গতি বাড়ানো গেলে অন্যান্য সমস্যাও যৌক্তিকভাবে বিবেচনা করে সমাধানের পথ বের করা সম্ভব।
তিনি আরো বলেন, শিল্প বাঁচলে শুধু মালিকেরা বাঁচবেন না, দেশও উপকৃত হবে। তাই শিল্প উদ্যোক্তাদের পাশাপাশি এ খাতে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষায়ও সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে সব পক্ষকে সংযম দেখানোর এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেন, এ ক্ষেত্রে কোনো ব্যর্থতা দেশের ভঙ্গুর অর্থনীতিকে আরো গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে। এ বিষয়ে কালক্ষেপণের সুযোগ নেই।