হোম > রাজনীতি > জামায়াত

ঢাবিতে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার

‘ছাত্রদলের শাহবাগ থানায় মব তৈরি করে শিবির ও ডাকসু নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের ওপর হামলা, গুন্ডাবাজি, একইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে থানায় অহেতুক হয়রানির প্রতিবাদে’ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির, ঢাবি শাখা।

বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে টিএসসি, কলা ভবন প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ও ডাকসু এজিএস মহিউদ্দিন খান এবং ফেক ফটোকার্ড কাণ্ডে ভুক্তভোগী আব্দুল্লাহ আল মাহমুদ বক্তব্য প্রদান করেন।

মিছিলে ‘চাঁদাবাজি করে কোন দল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘শিক্ষা আর সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘রামদা আর সন্ত্রাস একসঙ্গে চলে না’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, বৃহস্পতিবার আমাদের ভাই আব্দুল্লাহ আল মাহমুদের ওপর ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের নেতৃত্বে থানায় হামলা চালিয়েছে ছাত্রদলের সন্ত্রাসীরা। আমরা বিগত ফ্যাসিবাদের আমলেও একদিনে এতগুলো সাংবাদিকের ওপর হামলা হতে দেখিনি। তারা যে নোংরা ফটোকার্ড ছড়িয়েছে, সেই ফটোকার্ড যাদের প্রোফাইলে থাকে, তাদের ব্যক্তিত্ব নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান সেটিকে মিথ্যা বলে চিহ্নিত করেছে। আমরা দেখছি, হলগুলোতে আবাসিক শিক্ষার্থীদের উঠিয়ে পুরোনো গণরুম-গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার অপচেষ্টা করা হচ্ছে।

ছাত্রদলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে তিনি বলেন, তারা আমাদের ভাই আশরাফুলের ওপর চাপাতি দিয়ে হামলা চালিয়েছে। সে এখন হাসপাতালে কাতরাচ্ছে। সামনে তার একটি অপারেশন হবে।

ছাত্রদলের প্রতি তিনি আহ্বান জানান, আমরা কল্যাণের রাজনীতির ধারা চালু করেছিলাম। ছাত্রশিবির রাজনীতির ধারা পরিবর্তনে ভূমিকা রেখেছে। ছাত্রদলের ভাইদেরও আমরা কল্যাণমূলক রাজনীতি করতে দেখেছি। কিন্তু কীসের জন্য তারা সেই নব্বইয়ের রাজনীতিতে ফিরে যাচ্ছে? আপনারা আমাদের সহযোদ্ধা। মানুষ আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ছাত্রদলের কর্মকাণ্ড দেখলে আমার হাসি পায়। তারা এখনো নব্বইয়ের দশকে বসবাস করছে। ঈশ্বরদী কলেজের পূর্বঘোষিত কর্মসূচিতে তারা হামলা চালিয়েছে। কেন? কারণ তারা চায় শিবির তাদের ওপর হামলা করুক। তারপর তারা পত্রিকায় ন্যারেটিভ তৈরি করে ক্যাম্পাস দখল করবে। কিন্তু এটা ২০২৬, নব্বইয়ের দশক নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি তিনি আহ্বান জানান, আমাদের মাননীয় উপাচার্যকে বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দুই ধরনের উপাচার্য রয়েছেন। একজন ভিসিকে দায়িত্ব নিয়ে পালিয়ে যেতে হয়েছে। আরেকজনের জন্য শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে রাত জেগে দোয়া করেছে। আপনি ঠিক করুন, আপনি কোনটি হবেন।

ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ও ডাকসু এজিএস মুহা. মহিউদ্দিন খান বলেন, আমরা এক আজব দেশে বসবাস করছি। একজন শিক্ষার্থী নিরাপত্তার জন্য থানায় অভিযোগ জানাতে গিয়েছেন, তখন প্রশাসন সন্ত্রাসী বাহিনী ডেকে এনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যা জুলাই-পরবর্তী সময়ে গঠিত হয়েছে, কিন্তু গতকালের ঘটনায় আমরা তাদের আওয়ামী প্রশাসনের ভাষায় কথা বলতে দেখেছি। আমরা জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে দেখতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের নেতৃত্বে সংঘটিত মবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, গতকাল যখন আমি পড়াশোনায় ব্যস্ত ছিলাম, হঠাৎ আমার মেসেঞ্জারে হত্যার হুমকি আসতে থাকে। আমি নিরাপত্তার জন্য শাহবাগ থানায় মামলা করতে গেলে সেখানে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের নেতৃত্বে একদল ছাত্রদল কর্মী আমাকে হত্যার হুমকি দিতে থাকে। পুলিশ আমার জিডি নেয়নি, উল্টো আমাকে এক রাত থানায় বসিয়ে রেখে হয়রানি করা হয়। আজ সকালে তারা শুধু একটি সাধারণ অভিযোগ নিয়েছে। আমরা ভেবেছিলাম, ৫ আগস্টের পর পুলিশ পরিবর্তন হয়ে গেছে। কিন্তু পুলিশলীগ শুধু পুলিশদলে পরিণত হয়েছে।

এসআর

নেত্রকোনায় দলীয় এমপির গাড়িতে সন্ত্রাসী হামলায় জামায়াতের তীব্র নিন্দা

গণভোট বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

সন্ত্রাসীদের পরিচয় যাই হোক তাদের গ্রেপ্তার করতে হবে: বুলবুল এমপি

জিয়া ও খালেদার সঙ্গে গাদ্দারি করে বিএনপি টিকতে পারবে না

‎‘মব’ সৃষ্টি করে রাশেদ প্রধানের গর্জনকে দমিয়ে রাখা যাবে না

জুলাইয়ের সঙ্গে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দেয়া হবে না

রাজপথে লড়াইয়ের প্রস্তুতির আহ্বান সেলিম উদ্দীনের

রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে মারধর করায় জামায়াতের নিন্দা

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশ সফলের আহ্বান

ডাকসু নেতাসহ সারা দেশে ছাত্রশিবিরের ওপর হামলায় জামায়াতের নিন্দা