হোম > রাজনীতি > জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী।

জামায়াত সূত্র জানায়, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশে নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বিনিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলেও তারা আশা প্রকাশ করেন।

বৈঠকে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার গুরুত্ব নিয়েও আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং গ্রিন এনার্জি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সুইজারল্যান্ডকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনাকালে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

এসআর

চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের নিন্দা জামায়াতের

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেওয়ার বিষয়ে যা জানাল জামায়াত

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় জামায়াতের নিন্দা

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া অ্যাভিনিউ থেকে