হোম > রাজনীতি > জামায়াত

দুই আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সংসদে বিরোধী দলের সমালোচনা

সংসদ রিপোর্টার

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগ তুলে সংসদে সমালোচনা করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা বলছেন, নির্বাচন নিয়ে মানুষের বিশ্বাসের জায়গা নষ্ট হয়ে গেলে সরকারের ভিত নড়ে উঠবে। বিরোধী দলকে ভোট বর্জনের পুরানো রেওয়াজ থেকে সরে আসার অনুরোধ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিল সংক্রান্ত আলোচনায় জামায়াত ও এনসিপির তিন এমপি এমন সমালোচনা করেন। এদিন বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া নির্বাচন হয়। অনিয়মের নানান অভিযোগ তুলে বিরোধী দল জামায়াতের দুই প্রার্থী নির্বাচন বয়কট করে।

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনের কথা উল্লেখ করে জামায়াতের এমপি নাজিবুর রহমান বলেন, আজকে দুইটা উপনির্বাচন হয়েছে। মানুষজন বলছে, ১৯৯৪-এ ছিল মাগুরা, আজকে হলো বগুড়া। একই কাহিনি আমরা দেখছি। যদি এটা চলতে থাকে, তাহলে বিশ্বাসের জায়গাটা কোথায় থাকবে? বিশ্বাসের জায়গা নষ্ট হয়ে গেলে সরকারের ভিত নড়ে উঠবে।

নির্বাচনের বিষয়ে এনসিপির আবদুল হান্নান মাসউদ বলেন, উপনির্বাচনে বিরোধীদলীয় এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আহত করা হয়েছে। ছোট বাচ্চাদের লাইনে দাঁড় করিয়ে ভোট দেওয়ানো হয়েছে। এরমধ্যে দিয়ে দেশকে আরেকবার সংকটে ফেলা হচ্ছে।

১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের কথা উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, ট্রেজারি বেঞ্চের নেতারা বারবার দেশের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছেন। কিন্তু তাঁরা ব্যর্থ হয়েছেন, আওয়ামী লীগের মতো সফল হতে পারেননি।

ভোটের প্রসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আমার বন্ধু তার বক্তব্যে একটি ইঙ্গিত করেছেন আজকে দুটি উপনির্বাচন হয়েছে মাননীয় সংসদ সদস্য বগুড়া এবং উনি ইঙ্গিত করেছেন যে সেখানে নাকি ভোট কারচুপি হয়েছে। আমি বলতে চাই বিকাল ৪:০০টার পরে আপনারা বুঝলেন ভোট কারচুপি হয়েছে। ভোট প্রত্যাখ্যান করেছেন আপনারা বিকেল ৪টার পর। যখন আপনারা নিশ্চিত হয়েছেন আপনাদের পরাজয় নিশ্চিত। তারপরে আপনারা সংবাদ সম্মেলন করে ভোট আপনার বর্জনের ঘোষণা দিয়েছেন।

এ সময় বিরোধী দলের সদস্যরা হইচই করে প্রতিবাদ জানান। মীর শাহে আলম বলেন, আমি বন্ধুদের বলতে চাই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে নির্বাচন বর্জনের পুরান রেওয়াজ থেকে সরে আসুন।

এরপর উপজেলা পরিষদের বিলের আলোচনায় শেরপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ বলেন, সরকারি দলের সদস্যরা বাস্তবতা উপলব্ধি করলে বিগত ১৭ বছরের ইতিহাসের ইতি টেনে চমৎকার করে বিল আনতেন। সেটা নিয়ে আমরা সামনের দিকে এগোতে পারতাম। যে আইনটি আজকে পাসের উদ্যোগ নেওয়া হচ্ছে তা ম্যাটিকুলাস ডিজাইন। এভাবে সাজানো পরিকল্পনার ভিত্তিতে আগামী দিনের সকল কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় তাহলে নির্বাচনের আর কী দরকার। বিগত দিনের মতো সাজানো নির্বাচন একই কায়দায় বাস্তবায়িত হতে পারে।

তিনি বলেন, আইনে ফাঁকফোকর রেখে দেওয়া হলে তার মাধ্যমে বিরোধী দলকে হেনস্তা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। গণতন্ত্রকে গলটিপে হত্যার উদ্যোগ নেওয়া হবে। এটা বুঝতে আমাদের বাকি নেই।

বৃহস্পতিবার নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী একটি অসত্য তথ্য এই সংসদে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বেলা দুটার আগেই নির্বাচন বর্জনের ঘোষণা প্রার্থী নিজেই দিয়েছেন। পরবর্তীতে সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে মিডিয়াকে ডেকে বিবৃতি দিতে বিলম্ব হয়েছে। দিয়েছেন। আমি অসত্য তথ্য এক্সপাঞ্জ করার অনুরোধ করছি।

তিনি বলেন, দুটি উপনির্বাচনে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা বিগত ফ্যাসিস্ট আমলের একতরফাভাবে তাদের দিকে ফলাফল নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হতো। হামলা করা হতো। জখম করা হতো। সেই পরিস্থিতি শেরপুরের নির্বাচনে দেখা গেল। সিরাজুল ইসলাম নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন। তার মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। শ্রীবর্দি উপজেলা জামায়াতের সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ আহত অবস্থায় আছেন। আজকের ভয়ংকর হামলা আগামী দিনে কী ঘটতে যাচ্ছে তা আমরা টের পাচ্ছি। এ পরিস্থিতি হলে আগামীদিনে মানুষের ভোট ব্যবস্থার প্রতি অনাস্থা চলে আসবে।

রাশেদুল ইসলাম বলেন, নির্বাচনে ভোট কারচুপি হয়েছে। সিল মারা হয়েছে। প্রশাসনকে ফোন করলে তারা বলছে আমরা যাচ্ছি। তারা যাওয়ার আগেই রফাদফা হয়ে যাচ্ছে। হামলার পর হামলা করে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি সরকার: বিরোধীদলীয় নেতা

বিএনপি প্রমাণ করলো হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো

বিলম্ব না করে গণভোটের রায় বাস্তবায়ন করুন: গোলাম পরওয়ার

দুই উপনির্বাচনে ভোট কারচুপি সহ অনেক আপত্তিকর ঘটনা ঘটেছে

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার

১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে জনগণকে অংশগ্রহণের আহ্বান জামায়াতের

গণভোটের রায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

বিসিবিতে দলীয় লোকদের সমন্বয়ে অ্যাডহক কমিটি গঠনে জামায়াতের প্রতিবাদ

সাওদা সুমির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের