ঢাকা-৪ সংসদীয় এলাকায় অসহায়-দরিদ্র ৩৩৪ পরিবারের মাঝে তিন হাজার টাকা করে ১০ লাখ ২ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন। মঙ্গলবার সকালে জুরাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাভোগীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষ্যে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেন, “ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রত্যেক সংসদ সদস্যের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রতি পরিবারের জন্য তিন হাজার টাকা বরাদ্দ থাকায় ৩৩৩ পরিবারকে ৯ লাখ ৯৯ হাজার টাকা দেওয়ার পর এক হাজার টাকা অবশিষ্ট থাকে। সেই টাকার সঙ্গে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে দুই হাজার টাকা যোগ করে অপর একটি পরিবারসহ মোট ৩৩৪ পরিবারের মাঝে ১০ লাখ ২ হাজার টাকা বিতরণ করেছি।”
এ সময় তিনি আরও বলেন, “ঢাকা-৪ সংসদীয় এলাকায় নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি। কিন্তু বরাদ্দে সীমাবদ্ধতার কারণে সকলকে সহযোগিতা করা যায়নি। তবে যাদের সহযোগিতা করা হয়েছে, তারা তুলনামূলকভাবে সবচেয়ে দরিদ্র। সুবিধাভোগীদের দলমত, ধর্ম, জাতি বা গোষ্ঠী নির্বিশেষে বাছাই করা হয়েছে। রাষ্ট্রীয় ও সামাজিক মানবিক সহায়তায় দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সমাজের প্রতিটি নাগরিক আমার কাছে সমান। প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই আমার দায়িত্ব। আমি নিজের দায়িত্ব পালনে কখনো স্বজনপ্রীতি বা দলীয়করণ করব না।”
এদিকে জামায়াতে ইসলামী ওয়ারী পশ্চিম থানার উদ্যোগে স্থানীয় এক মিলনায়তনে ২৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।