স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘জামায়াতে ইসলামী একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।’ তার এই মন্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘জামায়াতে ইসলামী একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না’ বলে যে বানোয়াট ও ভিত্তিহীন মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শনিবার মুন্সিগঞ্জের একটি অনুষ্ঠানে তিনি এ ধরণের বক্তব্য দেন বলে জানা গেছে।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম এবং সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদে এককভাবে ৬৮টি আসনে জয়লাভ করে প্রধান বিরোধীদলের ভূমিকা পালন করে আসছে। সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাজনীতির দৈন্যতার বহিঃপ্রকাশ। জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও আদর্শের কাছে হার মেনে তিনি এমন বিকৃত মন্তব্য করেছেন, যা দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখান করে। জামায়াতের জনপ্রিয়তায় তিনি ঈর্ষান্বিত হয়ে এধরনের মন্তব্য করেছেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ধারার সূচনাকারী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে সব শ্রেণি-পেশা, ধর্ম ও বর্ণের মানুষের রাজনীতি করার সুযোগ রয়েছে। যা বিগত নির্বাচনে জাতি প্রত্যক্ষ করেছে। সুতরাং,জাতিকে গালগল্প শুনিয়ে, মিথ্যা তথ্য দিয়ে আর বোকা বানানোর সুযোগ নেই, জাতি সচেতন। আমি ভবিষ্যতে এ ধরনের মন্তব্য ও বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে সরকারদলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে গঠনমূলক সমালোচনা ও সৌহার্দ্যের রাজনীতি চর্চার আহ্বান জানাচ্ছি।