দেশব্যাপী ডেঙ্গু সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশক নিধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পল্লবী থানা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিমের নির্দেশনায় শুক্রবার পলাশনগর আবাসিক এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে জামায়াতে ইসলামীর নিজস্ব ফগার মেশিনের মাধ্যমে ওই এলাকায় মশার ওষুধ স্প্রে করা হয়।
পল্লবী থানা আমীর রইসুল ইসলামের সভাপতিত্বে এবং ডিএনসিসির ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন খান সজলের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী জোন পরিচালক নাসির উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশনগর ওয়ার্ড সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজ হোসেন, পেশাজীবী ওয়ার্ড সভাপতি মো. লোকমান হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করীম বলেন, বর্তমানে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করেছে, অথচ ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন ও সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ও কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এই সংকট মোকাবিলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে সারা দেশে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন ও মশক নিধন অভিযান পরিচালনা করে আসছে।
জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু প্রতিরোধে জরুরি ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, মশার উপদ্রব কমানোর পাশাপাশি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় তিনি মাদক নির্মূলে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ক্যাম্পেইন শেষে পলাশনগর আবাসিক এলাকার বিভিন্ন গলি ও বাসাবাড়ির আশেপাশে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ স্প্রে করা হয়। জনবান্ধব এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।