হোম > রাজনীতি > জামায়াত

আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০ থেকে ৮০০টি রিকশা রয়েছে—বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া এমন বক্তব্য ও প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। তার দাবি, তাকে রিকশার মালিক হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফটোকার্ড ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো হচ্ছে।

শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গোলাম পরওয়ার এসব বক্তব্যের প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ৭০০–৮০০ রিকশার মালিক যদি আমাকে কেউ বানিয়ে দেন, তাহলে হাসি-রসিকতা ছাড়া আর কী-ই বা করার আছে! আমি তো বলেছি, ৭০০–৮০০টি রিকশা লাগবে না, সারা বাংলাদেশের যেকোনো জায়গায়, যেকোনো শহরে আমার নামে একটি রিকশা আছে, এমন প্রমাণও যদি কেউ দিতে পারেন, তা-ই যথেষ্ট।

গোলাম পরওয়ার বলেন, এত দিন ধরে এ নিয়ে নানা গল্প বলা হলেও সরকারের বিভিন্ন সংস্থা ও বিভাগ তার নামে একটি রিকশারও সন্ধান দিতে পারেনি বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, কোনো প্রমাণ ছাড়াই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।

তিনি বলেন, রাজনৈতিক আদর্শের মোকাবিলা আদর্শ, চরিত্র ও নৈতিকতা দিয়ে করতে হয়। এসব ক্ষেত্রে ব্যর্থ হয়ে কেউ কেউ বিকৃত রুচি, আদর্শহীনতা ও বিবেকবর্জিত আচরণের আশ্রয় নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, কয়েক দিন ধরে ভুয়া ফটোকার্ড তৈরি করে এবং একটি উদ্দেশ্যপ্রণোদিত গোষ্ঠীর মাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নিজের কোনো রিকশা নেই দাবি করে তিনি বলেন, তাকে ৭০০ থেকে ৮০০টি রিকশার মালিক হিসেবে প্রচার করা হচ্ছে, যা মানুষের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে।

গোলাম পরওয়ার বলেন, প্রথমে তিনি এ ধরনের প্রচারণার বিষয়ে কিছু বলতে চাননি। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত একজন প্রশাসকও একই তথ্যের ভিত্তিতে বক্তব্য দেওয়ায় তিনি প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি প্রশ্ন তোলেন, একজন শিক্ষিত, ভদ্র ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ কীভাবে এ ধরনের তথ্য প্রচার করতে পারেন। তাঁর মতে, এ ধরনের বক্তব্য রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় বহন করে।

টেলিভিশনের টকশোতে অংশ নেওয়া কয়েকজন ব্যক্তির বিরুদ্ধেও অসত্য তথ্য প্রচারের অভিযোগ তোলেন গোলাম পরওয়ার। তাঁর দাবি, সরকারি দলের ঘনিষ্ঠতা অর্জন কিংবা বিভিন্ন পদ-পদবি ও পদোন্নতির আশায় কেউ কেউ এসব তথ্য নিয়ে আলোচনা করছেন। তিনি এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, রাজনীতিকে রাজনীতি দিয়ে, আদর্শকে আদর্শ দিয়ে এবং নৈতিকতাকে নৈতিকতা দিয়ে মোকাবিলা করা উচিত।

তিনি আরও বলেন, মিথ্যা প্রচারণা ও বক্তব্যের শালীনতার অবনতি ভবিষ্যৎ প্রজন্ম এবং সুস্থ রাজনীতির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে। ফেইক আইডি ও ভুয়া ফটোকার্ড ব্যবহার করে তাঁর পাশাপাশি অন্য সম্মানিত রাজনৈতিক নেতাদের নামেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

গোলাম পরওয়ারের মতে, এ ধরনের প্রচারণা ভদ্র, শিক্ষিত, জ্ঞানী ও আদর্শবান ব্যক্তিদের রাজনীতিতে আসার পথ বাধাগ্রস্ত করতে পারে। এতে দেশের রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক চর্চায় সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এসব মাধ্যমে অনেক ক্ষেত্রে সম্পাদকীয় নীতিমালা ও জবাবদিহির ঘাটতি রয়েছে। ফলে সমাজের সম্মানিত ও গুণী ব্যক্তিদের নিয়ে একাধিক অপপ্রচার ছড়িয়ে পড়ছে। এ ধরনের তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবেক ও দায়িত্ববোধের পরিচয় দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসত্য ও বিকৃত তথ্যের কারণে কেউ যেন বিভ্রান্ত না হন। একই সঙ্গে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, যারা সত্যনিষ্ঠ তথ্যের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অসত্য প্রচারের বিরুদ্ধে কাজ করছেন, তাদের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অপপ্রচার বন্ধ করে সুস্থ রাজনৈতিক চর্চায় ফিরে আসার আহ্বান জানান তিনি।

জনদাবি পূরণেই ১১ দলীয় ঐক্যের লংমার্চ চলছে: এটিএম আজহার

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শত বছরের ঐতিহ্যগত

পল্লবীতে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন

গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বরদাস্ত করা হবে না: এটিএম মাছুম

ডিএনসিসি প্রশাসকের ভিত্তিহীন বক্তব্যে জামায়াতের প্রতিবাদ

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদেশি ঋণে গভীর উদ্বেগ নেজামে ইসলাম পার্টির

মাগুরা মার্কা কোনো নির্বাচন ঠাকুরগাঁওয়ে দেখতে চাই না: অ্যাডভোকেট জুবায়ের

তুর্কি স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

হিজাব-নিকাব নিয়ে ঢাবি শিক্ষকের মন্তব্যের প্রতিবাদ জামায়াত নেত্রীর

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন