আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে এনসিপি অভিযোগ করে জানায়, সারা দেশে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের ধারাবাহিকতায় এই ন্যক্কারজনক সহিংস কর্মকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে তারা মনে করে। দলটির দাবি, বিরোধী রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ আওয়ামী লীগের ধারাবাহিক প্রতিহিংসার শিকার হচ্ছেন, এমনকি সরকারি দলের সংসদ সদস্যরাও আক্রমণের শিকার হচ্ছেন।
বিবৃতিতে এনসিপি নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির অপচেষ্টা বন্ধে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।