নিখোঁজ হওয়ার একদিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে এ দাবি জানান তিনি।
নাহিদ ইসলাম লেখেন, এ ঘটনায় তিনি বিস্মিত ও গভীরভাবে মর্মাহত। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
তিনি আরো লেখেন, নিখোঁজ হওয়ার পর থেকে কেএম তাহসিফ সাওরির সঙ্গে কী ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাতির সামনে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
ফেসবুক পোস্টে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্য দোয়া করেন।
প্রসঙ্গত, নিখোঁজের একদিন পর গতকাল বুধবার বিকেলে তুরাগ নদীতে তাহসিফ সাউরির লাশ পাওয়া যায়। তার পকেটে থাকা আইফোন থেকে তাহসিফের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।