সার্বিয়ায় প্রায় দুই বছর ধরে চলা ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের পর নির্বাচনে ক্ষমতাসীন আলেকজান্ডার ভুসিসের রাজনৈতিক শিবিরের পরাজয়কে ঐতিহাসিক বিজয় হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ বিজয়কে সার্বিয়ার স্বাধীনতাকামী মানুষের জয় হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, এটি বাংলাদেশের মানুষসহ বিশ্বের কোটি মানুষের জন্য অনুপ্রেরণা।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন নাহিদ ইসলাম।
পোস্টের শুরুতে তিনি লেখেন, ‘সার্বিয়ায় ইতিহাস সৃষ্টি হয়েছে!’ তার ভাষ্য, দুই বছর ধরে চলা বিক্ষোভের পর ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনের মুখে আলেকজান্ডার ভুসিসের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকার নির্বাচনে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে।
নাহিদ ইসলাম লেখেন, ‘এটি স্টুডেন্ট লিস্টের বিজয়, সার্বিয়ার স্বাধীনতাকামী মানুষের জয় এবং বাংলাদেশের মানুষসহ দেশের সীমানার বাইরের লাখো মানুষের জন্য অনুপ্রেরণা।’
পোস্টে সার্বিয়ার জনগণকে আন্তরিক অভিনন্দনও জানান তিনি। একই সঙ্গে তরুণ প্রজন্মের আন্দোলনের শক্তি তুলে ধরে নাহিদ ইসলাম লেখেন, ‘জেন-জি যখন জেগে ওঠে, ইতিহাস তখন এগিয়ে যায়।’
নাহিদ ইসলামের ফেসবুকের মূল পোস্টটি হচ্ছে-
‘History made in Serbia!
After two years of demonstrations, the student-led protest movement has forced Aleksandar Vučić’s increasingly authoritarian government to concede defeat in a historic election.
This is a victory for the Student List, a triumph for the freedom-loving people of Serbia, and an inspiration to millions beyond its borders, including the people of Bangladesh.
Heartfelt congratulations to the people of Serbia!
When Gen Z rises, history moves.
Photo: Al Jazeera’