যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, প্রশিক্ষিত ও যুগোপযোগী ইমাম তৈরি করতে প্রথমবারের মতো ‘ইমাম প্রশিক্ষণ’ কর্মসূচির আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
আগামী ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রাজধানীর আফতাবনগরে অবস্থিত আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের মধ্য থেকে বাছাইকৃত ১০০ জন ইমাম এতে অংশগ্রহণের সুযোগ পাবেন।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, সমাজের সাধারণ মানুষের সঙ্গে সবচেয়ে বেশি সম্পৃক্ততা থাকে ইমামদের। আদর্শ সমাজ গঠনে এটি তাদের জন্য একটি বড় সুযোগ ও সম্ভাবনা। প্রশিক্ষিত ও পরিকল্পিতভাবে ইমামরা যদি সমাজে কাজ করতে পারেন, তাহলে প্রতিটি সমাজই সম্ভাবনাময় হয়ে উঠবে, ইনশাআল্লাহ।
এছাড়া ইমামদের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিশতে হয় এবং নানা জটিল বিষয়ে পরামর্শ দিতে হয়। তাই বিশুদ্ধ ইলমের পাশাপাশি আধুনিক বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখা প্রত্যেক ইমামের জন্য অত্যাবশ্যক।
এই প্রশিক্ষণে প্রায় ২০টি গুরুত্বপূর্ণ ও সমকালীন বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ প্রদান করবেন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে লিডারশিপ ও পার্সোনালিটি ডেভেলপমেন্ট, দাওয়াহ ও মনস্তত্ত্ব, পাবলিক স্পিকিং, টাইম ম্যানেজমেন্ট, ইফেক্টিভ কমিউনিকেশন, দাওয়াতের ক্ষেত্রে মডার্ন টুলস ও ফ্যাক্ট-চেকিংয়ের ব্যবহার। এছাড়া সমকালীন বিভিন্ন মতবাদ, ইসলাম ও বিজ্ঞানের কথিত সংঘাত নিরসন, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবিলা এবং শারীরিক স্বাস্থ্য পরিচর্যার মতো বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণে অংশ নিতে হলে আবেদনকারীকে বর্তমানে কর্মরত ইমাম বা খতিব হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দাওরায়ে হাদিস বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে।
নির্বাচিত ১০০ জন প্রশিক্ষণার্থীর জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আবাসন ও খাবারের সুব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের সনদপত্র প্রদান করা হবে এবং যাতায়াত খরচ বহন করা হবে। এছাড়া আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে দীর্ঘমেয়াদি দাওয়াতি ও সেবামূলক কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগও থাকবে।
আগ্রহী ইমামদের গুগল ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৪ এপ্রিল। প্রাপ্ত আবেদনসমূহ থেকে অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত অংশগ্রহণকারীদের নির্বাচন করা হবে।