ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।
তিনি বলেন, দেশের উন্নয়ন, জাতীয় ঐক্য ও বহুদলীয় গণতন্ত্রের বিকাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা: দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব সুরক্ষা’ শীর্ষক এ সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।
রফিকুল ইসলাম জামাল বলেন, জাতীয় জীবনে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এ দিবসের চেতনা দেশপ্রেম, জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অনুপ্রেরণা জোগায়। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য জাতীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানো প্রয়োজন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মুফতি মোহাম্মদ আজহারুল ইসলাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম, সাবেক পরিচালক আবু হুরাইরা, পরিচালক আব্দুল হামিদ খান, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. হারুনূর রশীদ, মসজিদ ও মার্কেট বিভাগের উপপরিচালক আবুল কাশেম এবং জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ বারী প্রমুখ।