আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর, ২০২৬ পর্যন্ত ভারতের জলন্ধরে হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট। পাকিস্তান অংশ না নেওয়ায় এই মহাদেশীয় মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে হকি দল। আগামীকাল প্রস্তুতি ক্যাম্পে ২৬ সদস্যের দলের সকল খেলোয়াড় রিপোর্ট করেছেন। আজ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে আমিরুলদের মাঠের অনুশীলন। আপাতত দেশি কোচ শহীদুল্লাহ টিটুর অধীনে নিজেদের ঝালিয়ে নেবেন খেলোয়াড়রা। হকি ফেডারেশন জানিয়েছে, জার্মান কোচ পিটার গেরহার্ড শিগগির দলের সঙ্গে যোগ দেবেন।
বাংলাদেশের টার্গেট এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। এ টুর্নামেন্টে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলে নিজেদের যাছাই করে নিতে চায় বাংলাদেশ। বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে বাংলাদেশের খেলার সুযোগ পাওয়া আমাদের হকির জন্য অত্যন্ত ইতিবাচক এবং আনন্দের একটি দিক। এর মাধ্যমে আমাদের খেলোয়াড়রা এশিয়ার শীর্ষ দলগুলোর বিপক্ষে মাঠে নামার সুযোগ পাবে। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলার যে একটা বড় গ্যাপ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে ঘুচে যাচ্ছে। এই টুর্নামেন্ট আমাদের খেলোয়াড়দের মানসম্মত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দেবে।’ তিনি আরো বলেন, ‘শীর্ষ দলগুলোর মুখোমুখি হয়ে আমাদের খেলোয়াড়রা মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা মাঠের পারফরম্যান্স ও খেলার মান বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। মূলত নিজেদের সামর্থ্য ও শক্তি বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও উন্নতির লক্ষ্য নিয়েই বাংলাদেশ দল এই টুর্নামেন্টে লড়তে যাচ্ছে।’
হকি ফেডারেশনের প্রত্যাশা, চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে সেরা সাফল্য পাবে বাংলাদেশ। ভারতের জলন্ধরে সাফল্যময় পারফরম্যান্সে দেশের মুখ উজ্জ্বল করতে চায় হকি খেলোয়াড়রাও।