এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টে (স্টেজ-২) দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন বাংলাদেশের আর্চাররা। এরই মধ্যে বাংলাদেশের রিকার্ভ পুরুষ, কম্পাউন্ড পুরুষ ও নারী দল ও কম্পাউন্ড মিক্সড দল ফাইনালে উঠেছে। ফলে চারটি পদক জয় নিশ্চিত করেছে তারা। ইরাকের সোলাইমানিয়াহতে আজ সোমবার আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গড়া বাংলাদেশ দল ‘বাই’ পেয়ে সেমিফাইনালে ওঠে। সেখানে তাদের কাছে ৬-০ পয়েন্টে হেরেছে উজবেকিস্তান।
আগামী বৃহস্পতিবার স্বর্ণপদক জয়ের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইরাককে সেমিফাইনালে ৬-২ পয়েন্ট হারিয়েছে কাজাখস্তান। অন্যদিকে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে দলই ছিল মাত্র চারটি। ফলে সেমিফাইনাল দিয়ে শুরু হয় ইভেন্টটি। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনিকে নিয়ে গড়া বাংলাদেশ দল সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ স্কোরে হারায়। ফাইনালে তাদের প্রতিপক্ষও কাজাখস্তান। নারী ইভেন্টে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে জিততে চায় তারা।