এশিয়ান গেমসে নারীদের লং জাম্পে নিজের সেরাটা দিয়েছেন বাংলাদেশের স্বপ্না খাতুন। তবে ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করেও ১৬ প্রতিযোগীর মধ্যে ১৫তম হয়ে শেষ করেছেন তিনি। ফাইনালে স্বপ্নার সেরা লাফ ছিল ৫.৬৯ মিটার, যা তাঁর ক্যারিয়ারের ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। স্বপ্না খাতুনের এশিয়ান গেমসের আগে ব্যক্তিগত সেরা ছিল ৫.৬৫ মিটার, ২০২৫ সালে ভারতের রাঁচিতে সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এই স্কোর করেছিলেন তিনি। অবশ্য স্বপ্নার জাতীয় রেকর্ড ৬.২৫ মিটার।
ফাইনালে তিনটি লাফ দেন স্বপ্না। প্রথম প্রচেষ্টায় ৫.৫০ মিটার দূরত্ব অতিক্রম করেন। দ্বিতীয় প্রচেষ্টায় আরও এগিয়ে গিয়ে লাফ দেন ৫.৬৯ মিটার। তৃতীয় ও শেষ প্রচেষ্টায় তাঁর দূরত্ব ছিল ৫.৬৬ মিটার। ফলে ৫.৬৯ মিটারই হয় তাঁর চূড়ান্ত সেরা ফল। পদকের লড়াইয়ে থাকতে না পারলেও এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরের মঞ্চে ব্যক্তিগত সেরা দিয়ে প্রতিযোগিতা শেষ করেছেন বাংলাদেশের এই অ্যাথলেট।
তবে শীর্ষ লড়াই ছিল বেশ জমজমাট। চীনের হুয়াং ইংইং শেষ প্রচেষ্টায় ৬.৫৫ মিটার লাফ দিয়ে সোনা নিশ্চিত করেন। এর আগে ভারতের অ্যান্সি সোজন ৬.৫৩ মিটার লাফিয়ে এগিয়ে ছিলেন। শেষ সুযোগে হুয়াংয়ের ৬.৫৫ মিটারের লাফ তাঁকে মাত্র দুই সেন্টিমিটারের ব্যবধানে ছাড়িয়ে যায়। ফলে অ্যান্সিকে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। ভারতের আরেক প্রতিযোগী শৈলী সিং ৬.৪২ মিটার লাফিয়ে চতুর্থ হয়েছেন।
স্বপ্নার জন্য অবশ্য পদকের চেয়ে বড় প্রাপ্তি নিজের পারফরম্যান্সে উন্নতি। তিন প্রচেষ্টার প্রতিটিতেই বৈধ লাফ দিয়ে শেষ পর্যন্ত ৫.৬৯ মিটারে পৌঁছান তিনি। এশিয়ান গেমসের মতো বড় আন্তর্জাতিক আসরে ব্যক্তিগত সেরা করার অভিজ্ঞতা ভবিষ্যতের প্রতিযোগিতায় তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিলো।