বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই ম্যাচটি বরিশালের জন্য প্রতিশোধের মিশন। অন্যদিকে রংপুর চাইবে নিজেদের অজেয় যাত্রা ধরে রাখতে।
এবারের বিপিএলে সবচেয়ে ভালো সময় পার করছে রংপুর। মাঠে নামা আগের ৫ ম্যাচেই জয়ের দেখা পায় তারা। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ফ্রাঞ্চাইজিটি।
রংপুরের মতো না হলেও বরিশালও এবারের বিপিএলে ভালো সময় পার করছে । টেবিলের দুইয়ে আছে তামিম ইকবালের দল। প্রথম ৪ ম্যাচের মধ্যে ৩টাতেই জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে। তাদের একমাত্র পরাজয়টা ছিল রংপুরের বিপক্ষে। সে ম্যাচে ৮ উইকেটে হেরে যায় তারা। তাই আজ রংপুরের বিপক্ষে জিতে সে হারের ক্ষতে প্রলেপ দিতে চাইবে দক্ষিণের ফ্রাঞ্চাইজটি।