বিগ ব্যাশে যেতে পারেননি
অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের চলমান আসরের জন্য রিশাদ হোসেনকে দলে টানে হোবার্ট হারিকেন্স। যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরের জন্য তাসমান পাড়ের লিগটিতে অংশ নিতে পারেননি তিনি। এজন্য কোনো আক্ষেপ নেই তার।
চলমান বিপিএলে রিশাদের ঠিকানা ফরচুন বরিশাল। বিগ ব্যাশে না গেলেও বরিশালের হয়ে প্রথম ২ ম্যাচের একাদশে জায়গা পাননি। এটা নিয়েও আক্ষেপের কিছু দেখছেন না এই লেগস্পিনার।
অপেক্ষার পর সবশেষ ২ ম্যাচে বরিশালের হয়ে মাঠে নামেন রিশাদ। গতকাল সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারানোর পথে তো করেছেন দুর্দান্ত বোলিং। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৫ রান খরচায় ৩ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান।
বিগ ব্যাশে না যাওয়ার ইস্যুতে রিশাদ বলেন, ‘আমি কোনো কিছু নিয়েই আক্ষেপ করি না। যেদিন যেটা থাকে সেটা নিয়েই কাজ করতে চাই। এখন বিপিএল চলছে। এটা নিয়েই চিন্তা করছি। বিগ ব্যাশে যাওয়া হয়নি। যেটা রিজিকে ছিল না। পরেরবার হবে ইনশাআল্লাহ।’
প্রথম ২ ম্যাচে বরিশালের একাদশে না থাকা নিয়ে রিশাদ বলেন, ‘টিম কম্বিনেশনের কারণে আমি খেলতে পারিনি। এজন্য আমার অস্বস্তি লাগেনি। দলের জন্য যা দরকার তাই হবে। অধিনায়ক কিংবা কোচ কিছু বলেনি। শুধু বলেছে, কম্বিনেশনের কারণে বাইরে ছিলাম।’