দ্বিতীয়বারও বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করতে পারলেন না সাকিব আল হাসান। ফলে তার বোলিংয়ের নিষেধাজ্ঞা বহাল থাকছে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাঠানো বিজ্ঞপ্তিতে জানায়, চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও তার বোলিং অ্যাকশনের বৈধতা পাওয়া যায়নি। ফলে বোলিংয়ে ফিরতে সাকিবকে আরো এক বছর অপেক্ষা করতে হবে।
গত মাসে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। তার বোলিং অ্যাকশনের স্বাধীন পুনর্মূল্যায়ন হয়েছে। কিন্তু এবারও ব্যর্থ হলেন তিনি। এর আগে ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন এই বিশ্ব তারকা। সেখানে তার বোলিং অ্যাকশনে ক্রুটি ধরা পড়ে। বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে হলে সাকিবকে আবার পরীক্ষা দিতে হবে। তবে আগামী এক বছর পরীক্ষা দিতে পারবেন না। এক বছর পর বোলিং অ্যাকশন ক্রুটিমুক্ত হলে নিষেধাজ্ঞা উঠবে তার। কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার পর সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর ইংল্যান্ডে লাফবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়। ফলাফল আসে তার বোলিং অ্যাকশন অবৈধ। তাই তার বোলিং নিষিদ্ধ হয়।
দ্বিতীয়বার পরীক্ষা পাস করতে না পারায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব আল হাসানের থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কেননা এখন সাকিব শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন।