লিওনেল মেসি গোল না পেলে ইন্টার মিয়ামি জিতে না, এটা যেন চিরন্তন সত্যের মতো হয়ে দাঁড়িয়েছে। আরও একবার সেটা প্রমাণ হলো। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে গোল পেলেন না মেসি। জিতল না তার দল মিয়ামিও। আট গোলের রোমাঞ্চকর থ্রিলিংয়ে মিয়ামিকে ৫-৩ গোলে হারিয়েছে শিকাগো ফায়ার।
এই জয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো এমএলএসের প্লে–অফ নিশ্চিত করেছে শিকাগো ফায়ার। এই হারে টানা দ্বিতীয় এমএলএস সাপোটার্স শিল্ড জয়ের সুযোগ হারানোর সামনে মিয়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়ন নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই ৬৬ পয়েন্ট নিয়ে সাপোটার্স শিল্ড জিতবে। ৩২ ম্যাচে তাদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ মায়ামি নিজেদের শেষ তিন ম্যাচ জিতলেও ৬৫ পয়েন্টের বেশি হবে না।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৩-১ গোলে পিছিয়ে প্রথমার্ধ শেষ করে মায়ামি। ১১, ৩১ ও ৪৩ মিনিটে শিকাগোর হয়ে গোল করেন ডি’আভিলা, জোনাথন ডিন ও রোমিনিগুয়ে কৌয়ামে। মায়ামির হয়ে ৩৯ মিনিটে গোল করেন রোমান আভিলেস। বিরতির পর লুইস সুয়ারেজের জোড়া গোলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও জাস্টিন রেনল্ডস ও ব্রায়ান গুতিরেজের গোলে জয় তুলে নেয় শিকাগো।