এশিয়ান গেমসে মিক্সড মার্শাল আর্টে (এমএমএ) ব্রোঞ্জ পদকজয়ী নোদিবেক শাভকাতভ ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়েছেন। তার নমুনা পরীক্ষায় নিষিদ্ধ পদার্থ শনাক্ত হওয়ায় সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন উজবেকিস্তানের এই অ্যাথলেট। আন্তর্জাতিক টেস্ট এজেন্সি (আইটিএ) এ তথ্য নিশ্চিত করেছে।
এবারের এশিয়ান গেমসে কোনো পদকজয়ী অ্যাথলেটের ডোপ টেস্টে পজিটিভ হওয়ার এটিই প্রথম ঘটনা। সামগ্রিকভাবে এ গেমসে ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া তিনি তৃতীয় অ্যাথলেট। এর আগে থাইল্যান্ডের ব্যাডমিন্টন খেলোয়াড় পিচামন ওপাসনিয়াপুথ এবং তুর্কমেনিস্তানের কারাতে অ্যাথলেট দয়ানিচ কেলেসলিয়েভও ডোপ টেস্টে পজিটিভ হয়ে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন।
২৩ বছর বয়সি এই অ্যাথলেট গেমসের পুরুষদের মডার্ন এমএমএ ৭১ কেজি ওজন শ্রেণিতে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। আন্তর্জাতিক টেস্ট এজেন্সি (আইটিএ) জানিয়েছে, গত ২২ সেপ্টেম্বর জাপানে প্রতিযোগিতার বাইরে থাকাকালীন (আউট অব কম্পিটিশন) তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। সংগৃহীত নমুনায় নিষিদ্ধ ড্রাগ ‘মেলডোনিয়াম’-এর উপস্থিতি ধরা পড়ে।
ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) নিয়ম অনুযায়ী মেলডোনিয়াম নিষিদ্ধ একটি পদার্থ। এই সাময়িক নিষেধাজ্ঞার কারণে শাভকাতভ এখন থেকে যেকোনো ধরনের প্রতিযোগিতা, প্রশিক্ষণ, কোচিং কিংবা গেমস-সংক্রান্ত কার্যকলাপে নিষিদ্ধ থাকবেন।
তবে শাভকাতভের সামনে নিজের পক্ষে আইনি লড়াইয়ের সুযোগ রয়েছে। তিনি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের অ্যান্টি ডোপিং ডিভিশনে এই সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারেন এবং চাইলে তার ‘বি’ নমুনার পরীক্ষাও দাবি করতে পারবেন। তবে আন্তর্জাতিক টেস্ট এজেন্সির ঘোষণায় তার অর্জিত ব্রোঞ্জ পদকটির বর্তমান অবস্থা সম্পর্কে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।