এশিয়া কাপের ১৭তম আসরের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ভারত ও পাকিস্তান। এশিয়ার এই দুই ক্রিকেট পরাশক্তির বৈরিতায় বিতর্কের রেশ ছড়িয়েছে ফাইনালেও। এতোকিছুর মাঝেও বিতর্ক ছাপিয়ে দারুণ এক উদাহরণও সৃষ্টি করেছে দুদল। ফাইনালের ম্যাচ ফি উৎসর্গ করে নজির সৃষ্টি করল ভারত-পাকিস্তান।
ভারতের হয়ে নিজের সব ম্যাচ ফি সেনাবাহিনীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। অন্যদিকে, ফাইনালের ম্যাচ ফি পাকিস্তান দিয়েছে ‘অপারেশন সিঁদুরের’ হামলায় আক্রান্তদের। ম্যাচ ফি দেওয়ার বিষয়টি সংবাদ সম্মেলনে জানান ভারতের অধিনায়ক সূর্যকুমার। তিনি বলেছেন, ‘এই টুর্নামেন্টে খেলা সব ম্যাচ ফি আমি সেনাবাহিনীকে দিতে চাই।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান ক্রিকেট দল লিখেছে, ‘পাকিস্তান ক্রিকেট সিদ্ধান্ত নিয়েছে এশিয়া কাপ ফাইনালের ম্যাচ ফি উৎসর্গ করছে ৭ মে হামলায় শহীদ হওয়া নিষ্পাপ প্রাণগুলোকে। যেখানে শিশুসহ বেসামরিক লোকজন প্রাণ হারিয়েছে। তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা।’