অনূর্ধ্ব-২১ পুরুষ ও নারী দলকে সংবর্ধনা ও ডাবল বোনাস
পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আজ রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি কুর্মিটোলায় বাংলাদেশ অনূর্ধ্ব -২১ পুরুষ ও নারী দলকে জমকালো সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। গত ডিসেম্বরে ওমানে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে পঞ্চম হয়ে বিশ্বকাপে উঠে ইতিহাস গড়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। হকির কোনো বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ। একই টুর্নামেন্টে নারী বিভাগে বাংলাদেশের মেয়েরা নবম হয়েছে।
জমকালো সংবর্ধনায় নাচে গানে ভরপুর একটা দিন কাটিয়েছেন হকির তরুণ ও তরুণীরা। আনন্দ ও উচ্ছ্বাসে স্মৃতির পাতায় জমা রাখার মতো সময় কাটালেন তারা। পাশাপাশি বাড়তি পাওনা হিসেবে আর্থিক পুরস্কার ও ক্রেস্ট পেয়েছেন হকি খেলোয়াড়রা। সংবর্ধনা পেলেও ক্রেস্ট ছাড়া আর্থিক পুরস্কার পাননি মেয়েরা।
বিশ্বকাপ নিশ্চিত করা দলের প্রত্যেক সদস্যকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। ২১ জন সদস্য পেলেন ১০ লাখ ৫০ হাজার টাকা। এরআগে যুব হকি দলকে ৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এই পুরস্কারের অর্থ কম হওয়ায় তা বাড়ানো হয়েছে। গত ৫ ডিসেম্বর ওমান থেকে দেশে ফেরার পর যুব হকি দলকে পাঁচ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। ১৮ খেলোয়াড় ও কোচ, ফিজিও, ম্যানেজার মিলে ২১ জনের জন্য জনপ্রতি বরাদ্দ পড়ে মাত্র ২৪ হাজার টাকা। যা তরুণদের সাফল্যের তুলনায় অনেক কম বলছিলেন অনেকেই।
অন্যদিকে, আগেই ২০ লাখ টাকা পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুব হকি দল বিশ্বকাপে ভালো ফলাফল অর্জন করার জন্য যতটা সম্ভব সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সংবর্ধনা অনুষ্ঠানে বড় ক্রীড়া ফেডারেশনের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়। বাফুফের সভাপতি বিদেশে রয়েছে। অবশ্য বিসিবি সভাপতি ফারুক আহমেদ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘যেসব খেলায় সম্ভাবনা আছে, যতটুকু পারি বিসিবির পক্ষ থেকে সেখানে আমরা সহযোগিতা করব।’ যুব হকি খেলোয়াড়দের পাশে থাকতে স্পনসরদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।