ঢাকার মিরপুরের বাউনিয়াবাদ ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের স্পোর্টস কার্নিভাল ২০২৬’। ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এর উদ্যোগে তেরে দেস হোমস ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশন (এসডিসি) ও অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ওআরএ) এর অর্থায়নে এ আয়োজনটি করা হয়।
কিশোর-কিশোরী ও তরুণদের অংশগ্রহণে আয়োজিত এ কার্নিভালে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বগুণ বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে কন্যা শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে লিঙ্গ সমতা প্রতিষ্ঠার বার্তাও তুলে ধরা হয়।
প্রকল্পের আওতায় ২২টি গ্রুপের মাধ্যমে গত পাঁচ মাস ব্যাপী ‘সুরক্ষার জন্য ফুটবল কারিকুলাম’ এবং ‘সুরক্ষার জন্য গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা কারিকুলাম’-এ অন্তর্ভুক্ত নিরাপদ খেলার মাধ্যমে ১৮টি সেশনের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা জীবনের গুরুত্বপূর্ণ ৬টি জীবনদক্ষতা অর্জন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি মাঠে গিয়ে মেয়েদের ফুটবল খেলা উপভোগ করেন, খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী মেয়েদের খেলাধুলার পাশাপাশি মনোযোগ দিয়ে পড়ালেখা করা, বাবা-মায়ের কথা শোনা, নিজের শরীরের যত্ন নেওয়ার এবং মোবাইল আসক্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন। তিনি ব্রেকিং দ্য সাইলেন্সকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং ভবিষ্যতেও খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনিয়া আফরোজ, ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও হেড অব প্রোগ্রাম, তেরে দেস হোমস ফাউন্ডেশন (টিডিএইচ)। তিনি শিশুদের খেলা উপভোগ করেন এবং সুরক্ষার মাধ্যমে অর্জিত দক্ষতাগুলো বিকাশে অভিভাবক ও সংশ্লিষ্টদের শিশুদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা জানান, খেলাধুলা শুধু বিনোদন নয়, বরং এটি শৃঙ্খলা, দলগত কাজ এবং চ্যালেঞ্জ মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা গড়ে তোলে। অংশগ্রহণকারী শিশুরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরে খেলাধুলার মাধ্যমে শেখা বিভিন্ন ইতিবাচক দিকের কথা জানায়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাহিদুল ইসলাম, পরিচালক-প্রোগ্রাম ও প্ল্যানিং, ব্রেকিং দ্য সাইলেন্স। তিনি বলেন, ‘এটি শুধু একটি ক্রীড়া আয়োজন নয়; খেলাধুলার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার প্রচেষ্টা।’
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ রবিউল হাসান খান মনা, সাংবাদিক রিতা ভৌমিক, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম। সকলের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জান্নাতুল ফেরদৌসি, প্রজেক্ট ম্যানেজার, স্পিরিট প্রকল্প, ঢাকা।