তৃণমূল পর্যায়ে টেবিল টেনিসের প্রসার এবং নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আগামী ২৩ থেকে ২৭ এপ্রিল রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে উন্মুক্ত স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)।
বিশ্ব টেবিল টেনিস দিবস (২৩ এপ্রিল) এবং বিশ্ব টেবিল টেনিসের শতবর্ষ উদযাপন উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ মাকসুদ আহমেদ সনেট জানান, স্কুল পর্যায়ে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি এবং ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।
প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকা বিভাগে একক ও দলগত ইভেন্ট অনুষ্ঠিত হবে। দেশের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী ১৪ এপ্রিলের মধ্যে খেলোয়াড়দের নিবন্ধন সম্পন্ন করতে পারবে।
নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।