২০১৪ সালের পর আর বিশ্বকাপ খেলা হয়নি ইতালির। টানা দুই আসর পর বিশ্বকাপে ফেরার মিশনে বাছাইপর্বের শুরুতেই বড় ধরনের ধাক্কা খেয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। ইউরোপিয়ান অঞ্চলের ‘আই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নওয়ের কাছে ৩-০ গোলে হেরেছে ইতালি।
অশ্লোতে বল দখলে এগিয়ে থাকলেও নরওয়ের ওপর তেমন চাপ তৈরি করতে পারেনি ইতালি। গোলমুখে ছয় শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে সফরকারীরা। বিপরীতে স্বাগতিকদের নেওয়া আট শটের মধ্যে চারটিই লক্ষ্যে ছিল। এর মধ্যে তিনবার গোল উৎসব করে তারা।
ঘরের মাঠে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমার্ধেই তিন গোলের দেখা পায় নরওয়ে। ১৪ মিনিটে আলেক্সান্ডার শরলথের গোলে এগিয়ে যায় তারা। ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান অ্যান্তিনিও নুসা। আট মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৩-০ করেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। বিরতির পর কিছু সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি নরওয়ে। ইতালিও পারেনি দলটির গোলমুখ খুলতে।
তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে নরওয়ে। ছয় পয়েন্ট পাওয়া ইসরায়েলের অবস্থান দুইয়ে। তিন পয়েন্ট নিয়ে তিনে আছে এস্তোনিয়া। এক ম্যাচ খেলা ইতালির অবস্থান চারে। অন্যদিকে ‘এল’ গ্রুপের ম্যাচে জিব্রাল্টারকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে ক্রোয়েশিয়া।