আজ এশিয়ান কাপ ফুটসালের বাছাই পর্বে প্রথমবারের মতো খেলতে নামছে বাংলাদেশ। ফুটসালের অভিষক ম্যাচেই ইরানের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে লাল-সবুজের জার্সিধারীদের। এশিয়া কাপের ১৩ বারের চ্যাম্পিয়ন ইরান। ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা। বিশ্ব র্যাংকিংয়ে পঞ্চম স্থানে রয়েছে দলটি। যে র্যাংকিংয়ে এখনো নামই উঠেনি বাংলাদেশের। ইরানের মতো প্রবল প্রতিপক্ষের সামনে বড় পরীক্ষার মুখে পড়বে বাংলাদেশ, সেটি আর বলার অপেক্ষা রাখে না। অবশ্য বাছাই পর্বের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ।
ইরানি কোচ সাইদ খোদারাহমির অধীনে ঘরের মাঠে ঝালিয়ে নেওয়ার পর মালয়েশিয়াও প্রস্তুত হয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ ফুটসাল দলের অধিনায়ক রাহবার ওয়াহেদ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে জানান, প্রথমবারের মতো এশিয়ান কাপ বাছাই পর্বে খেলছে বাংলাদেশ। এটি খুবই গর্বের ব্যাপার। গত আড়াই মাস ধরে দল ভালো প্রস্তুতি নিয়েছে।
অন্যদিকে, কোচ সাইদ খোদারাহমি জানান, ফুটসালে বাংলাদেশ নতুন। মাত্রই প্রথম ম্যাচ খেলবে তারা। নতুন অভিজ্ঞতা হবে তাদের। সাইদের মতে, ইরানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই কঠিন হবে। কেননা এশিয়া এক নম্বর দল ইরান। তাদের অর্জনের ভান্ডার খুবই সমৃদ্ধ। ইরানের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের জন্য অভিজ্ঞতা অর্জনের ম্যাচ। ইরান কোচ জানান, মাঠের লড়াইয়ের আগে যে কদিন সময় পেয়েছেন, খেলোয়াড়দের সর্বোচ্চটা দিয়ে তৈরি করার চেষ্টা করেছেন তিনি। দল প্রথম ম্যাচ খেলতে মুখিয়ে আছে।