গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এটা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। জাতিসংঘের তদন্ত কমিশনও জানিয়েছে একই কথা। এ কারণে খেলাধুলায় ইসরাইলকে নিষিদ্ধ করার দাবি ওঠে সারা বিশ্ব থেকে। বিশেষ করে এমন দাবি জানিয়েছে জাতিসংঘের একদল বিশেষজ্ঞ।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও গলা মিলিয়ে তাদের সুরে। স্পেনের সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির মুখপাত্র পাতচি লোপেস বলেছেন, ইসরাইল খেললে স্পেন বিশ্বকাপ ফুটবল বয়কটের চিন্তা করবে। কিন্তু যুক্তরাষ্ট্র কথা বলছে উল্টো সুরে। ২০২৬ বিশ্বকাপে ইসরাইলকে নিষিদ্ধ করতে দেবে না ট্রাম্প প্রশাসন।
আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে বসতে যাওয়া বিশ্বকাপ আসর নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসি স্পোর্টকে বলেন, ‘ইসরাইল জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে নিষিদ্ধ করার কোনো চেষ্টা যেন সাফল্যের মুখ না দেখে, তার জন্য অবশ্যই ব্যবস্থা নেব আমরা।’
ইউরোপ মহাদেশের ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা খুব দ্রুত ইসরাইলকে সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা চিন্তাভাবনা করছে। এ নিয়ে হতে পারে বৈঠকও। উয়েফার এক সিনিয়র কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘আমাদের ধারণা, উয়েফার শীর্ষ নেতৃত্ব এবার কোনো পদক্ষেপ নিতে চায়। এখনো কিছু নিশ্চিত হয়নি, তবে এক মাস আগের তুলনায় অনেক দেশের পক্ষ থেকে নতুন চাপ তৈরি হয়েছে।’
আগামী মাসে বিশ্বকাপর বাছাই পর্বের ম্যাচ খেলতে যাচ্ছে ইসরাইল। ১১ অক্টোবর অসলোতে ইসরাইলের প্রতিপক্ষ নরওয়ে ও ১৪ অক্টোবর উদিনেসে তাদের মাঠের শত্রু ইতালি। নরওয়ের ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস বলেছেন, ‘প্রতিযোগিতায় ইসরাইলের অংশগ্রহণ মেনে নিতে হচ্ছে। তবে গাজার বেসামরিক মানুষের ওপর অমানবিক আক্রমণ উপেক্ষা করাও আমাদের পক্ষে সম্ভব নয়।’