চলতি এশিয়া কাপে সব ছাপিয়ে গেছে ভারত-পাকিস্তান মহারণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আসর শুরুর আগেই আলোচনার ঢেউ তুলে দিয়েছিল। আসর শুরুর পর সেই ঢেউ ছড়িয়ে পড়েছে চারদিকে। মাঠের লড়াইয়ে টস কাণ্ড, হ্যান্ডশেক বিতর্ক, অঙ্গভঙ্গি ও বাকযুদ্ধের লড়াই ছিল গ্রুপ পর্ব এবং সুপার ফোরের সঙ্গী। বাংলাদেশকে ১১ রানে হারিয়ে পাকিস্তান ফাইনালে ওঠায় ফের উত্তাপ ছড়াচ্ছে দুই দলের ‘প্রথম’ এশিয়া কাপ ফাইনালের মহারণ।
এশিয়া কাপে এর আগে কখনো মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। ১৯৮৪ সালে শুরু হওয়া এই আসর এবার পা রেখেছে ১৭তম সংস্করণে। ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে মুখোমুখি কাশ্মীর সীমান্তের এপার-ওপার। এর আগে পাকিস্তান পাঁচবার ফাইনাল খেলে। চারবার শ্রীলঙ্কা ও একবার বাংলাদেশের বিপক্ষে। ভারত এর আগে এশিয়া কাপে ১০ বার ফাইনাল খেলে, যার আটবারই তারা মুখোমুখি হয় শ্রীলঙ্কার। বাকি দুবার বাংলাদেশের বিপক্ষে খেলে।
চলতি আসরে গ্রুপ পর্ব ও সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তানকে অনায়াসে হারিয়েছে ভারত। তবে অতীত ভুলে ফাইনালের দিকে মনোযোগ দিতে চান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ভারতকে হারিয়ে দিতে দারুণ আত্মবিশ্বাসী সালমান, ‘খুবই রোমাঞ্চিত (ফাইনাল নিয়ে)। আমরা জানি আমাদের কী করতে হবে (ফাইনালে)। আমরা যে কোনো দলকে হারানোর মতো ভালো দল এবং রোববার মাঠে নেমে চেষ্টা করব তাদের হারাতে।’
পাকিস্তানের কোচ মাইক হেসনের কণ্ঠেও একই সুর, ‘আমরা শুধু ক্রিকেট নিয়েই ভাবি। ভারত-পাকিস্তান ম্যাচে আলাদা চাপ, আলাদা উত্তেজনা কাজ করে। তার প্রভাবে মাঠে কিছু বিতর্ক হতেই পারে। আমাদের যোগ্যতায় আমরা ফাইনালে উঠেছি। আমাদের কাজ সেটার সদ্ব্যবহার করা। ১৪ ও ২১ তারিখ হারতে হয়েছে। কিন্তু আসল হলো রোববারের ম্যাচ। ট্রফি জেতাই আমাদের লক্ষ্য। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।’