ফারুক-ফাহিম দ্বন্দ্ব
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় এখন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্ব। অনাকাঙ্ক্ষিত বিষয়টি নিয়ে শঙ্কার কালো মেঘ জমেছে দেশের ক্রীড়াঙ্গণে। এবার ফাহিম ও ফারুকের দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের মতে, ইগোর কারণে এমন দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন তারা।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বড় পরিবর্তন আসে বিসিবিতে। তারই অংশ হিসেবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সংস্থাটিতে আসে ফারুক ও ফাহিম যুগ। আগেরজন বিসিবির সভাপতির পদে বসেন। অন্যদিকে ফাহিম পান পরিচালকের দায়িত্ব।
শুরুতে দারুণ সম্পর্ক ছিল ফারুক ও ফাহিমের। তাই দেশের ক্রিকেট নিয়ে এই মানিজোড়ের ওপর বড় প্রত্যাশা ছিল সবার। যদিও দায়িত্বে বসার সাড়ে ৪ মাসের মাথায় দ্বন্দ্বে জড়িয়ে সবাইকে হতাশ করলেন তারা। আলোচিত এই ইস্যুতে ফাহিমকে বেশি দোষারোপ করছেন সুজন।
আজ গণমাধ্যমকে সুজন বলেন, ‘আবার কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই-ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব যে দুজনই ফরমার ক্রিকেটার তাদের কেন ইগোর প্রব্লেম হবে। তারা যখন আসছেন তখন তো অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো বলছিলেন, উনি অনেক সুদূর প্রসারী পরিকল্পনা করছেন, দেখছেন। চিন্তা করছেন। তো সেগুলো আমি এখন দেখতেছি না। এখন দেখতেছি লোভ লালসার মতো হয়ে যাচ্ছে যে আমি অপারেশনস না পাইলে আমি কাজ করব না, পদত্যাগ করব। এটা তো লোভ-লালসা। আমার মনে হয় কেন এই লোভ লালসা তাদের মধ্যে আসে। আমার ক্রিকেট অপারেশনস নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হই, সেখানে সার্ভ করতে পারব না কেন?
সুজন আরও বলেন, ‘আমার কেন থাকতেই হবে যে না আমি… পাবো। উনি কি ক্রিকেট অপারেশনসের মাস্টার? ওনার আগে তো আকরাম ভাই ক্রিকেট অপারেশনসের মাস্টার। উনি চাইতে পারে। কারণ আকরাম ভাই বাংলাদেশের ফরমার ক্যাপ্টেন এবং অপয়ারেশনসের চেয়ারম্যান ছিলেন। তাহলে উনি কেন বলতেছেন অপারেশনস ছাড়া হবেই না। এটা তো ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে। ফারুক ভাই-ফাহিম ভাই, আমার মনে হয় ইগোর প্রব্লেম। সত্যি কথা বলতেছি, এটা কী হচ্ছে আই ডোন্ট নো।’