সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে আজ শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। এ ক্যাম্পে যোগ দিচ্ছেন না দেওয়ান হামজা চৌধুরী। তবে ইতালি প্রবাসী ফাহামিদুল, কানাডা প্রবাসী শমিত সোম, যুক্তরাষ্ট্রের জায়ান আহমেদরা ক্যাম্পে আছেন। ইতোমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন ফাহামিদুল। গতকাল রাতে ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল শমিতের।
ক্যাম্পে রয়েছেন দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করে আসা বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে খেলেছিলেন তিনি। এছাড়া নতুন মুখ হিসেবে গোলরক্ষক ইসহাক আনন্দ আছেন।
আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কোচ হাভিয়ের কাবরেরার দল। আসন্ন ম্যাচের জন্য ২৮ ফুটবলার নিয়ে ক্যাম্প করছে বাফুফে। প্রস্তুতি ক্যাম্পে না থাকলেও ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা চৌধুরী।
আগামী ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। তবে দলে ডাক পাননি ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেল। গত নভেম্বরে নেপালের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয়েছিল তার। এশিয়ান কাপের বাছাই পর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। বাছাই পর্বে এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে একটি জয় ও দুটি ড্রয়ে বাংলাদেশের অর্জন ৫ পয়েন্ট।