এশিয়ান গেমস হকি বাছাই
আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এ গেমসের বাছাই পর্বে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ নারী হকি দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে নারী হকির বাছাই। এই বাছাই পর্বে অংশ নিতে আগামী ২০ এপ্রিল ইন্দোনেশিয়ার বিমান ধরবে নারী হকি দল। এরই মধ্যে এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ হকি দল চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে। এবার নারী দলের সামনে ইতিহাসের হাতছানি।
২৩-২৯ এপ্রিল ইন্দোনেশিয়ার জার্কাতায় এশিয়ার আট দেশ বাছাই টুর্নামেন্ট খেলবে। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। এ গ্রুপের বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে, উজবেকিস্তান ও হংকং। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনাল খেলবে। চার সেমিফাইনালিস্টই এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ জাতীয় নারী হকি দলের প্রধান কোচ জাহিদ হোসেন রাজু জানান, ‘আমাদের গ্রুপে চাইনিজ তাইপে শক্ত প্রতিপক্ষ। উজবেকিস্তান ও হংকংয়ের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার আশা করছি।’ এর আগে আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ বয়সভিত্তিক নারী হকি দল সাফল্য পেয়েছে। এবার সিনিয়র পর্যায়েও ভালো কিছু দেখানোর অপেক্ষায় বাংলাদেশের মেয়েরা।