সিলেটে গত ১ সেপ্টেম্বর হওয়া বোর্ডসভার পর ৭ সেপ্টেম্বর গঠন করা হয় নির্বাচন কমিশন। তিন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, সিআইডিপ্রধান মোহাম্মদ ছিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। দায়িত্ব পাওয়ার পর গতকাল প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন তারা। সেখানে তারা জানান, ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হবে। পাশাপাশি স্বাধীনভাবে কাজ করতে পারছেন বলেও জানান তারা।
বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা নিয়ে ওঠা আপত্তির শুনানি শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের সদস্যরা। সেখানে ১৫ ক্লাবকে খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চিঠি পাওয়া প্রসঙ্গে তারা জানান, কে স্বাক্ষর করেছেন তা জানতে কাগজপত্র দেখতে হবে।
১৫ ক্লাবের আপত্তির ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন বলেন, ‘১৫টি ক্লাবের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আমরা তাদের আইনজীবী, মালিক ও কাউন্সিলরদের সঙ্গে শুনানি করেছি। আমরা প্রত্যেকের বক্তব্য নোট নিয়েছি এবং সেগুলো পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেব।’
তারা আরো বলেন, ‘অনুগ্রহ করে আগামীকাল (আজ) বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অপেক্ষা করুন, হয়তো ভালো কিছুই দেখবেন। এ বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করব না।’
ফারুক আহমেদের কাউন্সিলরশিপ ফরম দেরিতে জমা হওয়া প্রসঙ্গে তারা বলেন, ‘এ বিষয়ে আমাদের মন্তব্য আপনারা আগামীকাল (আজ) বিকাল সাড়ে ৪টায় চূড়ান্ত তালিকা প্রকাশের সময় পাবেন। আমরা এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি, তাই এখন মন্তব্য করতে পারছি না।’
ওল্ড ডিওএইচএস ক্লাবের হয়ে তামিম ইকবালের কাউন্সিলর হওয়ার ব্যাপারেও আপত্তি এসেছে। এ ব্যাপারে মোহাম্মদ হোসেন বলেন, ‘যিনি এ আপত্তি জানিয়েছেন, তিনি শুনানিতে উপস্থিত থেকে বিষয়টি উত্থাপন করেননি। সুতরাং আমরা তাকে অনুপস্থিত হিসেবে চিহ্নিত করেছি এবং আপত্তিটি আর আমলে নেব না।’
পাশাপাশি নির্বাচন কমিশনে ছিবগাত উল্লাহর থাকা নিয়ে ওঠে প্রশ্ন। এ প্রশ্নের জবাবে মোহাম্মদ হোসেন জানান, গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক নয়। নির্বাচন নিয়ে তাদের ওপর কোন চাপ নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছি এবং কোনো চাপের মধ্যে নেই।’