বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের প্রতিভা ও সাফল্যকে টেকসই রূপ দিতে তাদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রবর্তন এবং জাতীয় লিগ চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত ক্রীড়া সংগঠনগুলোর সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে গৌরবময় সাফল্য বয়ে আনছেন, সরকার তার ধারাবাহিকতা রক্ষা করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে সাধারণ খেলাধুলার মতো তাদের জন্যও পর্যায়ক্রমে জাতীয় লিগ চালুর উদ্যোগ নেওয়া হবে এবং সব প্রতিবন্ধী ক্রীড়া সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসা হবে।’
প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন যে, বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য খেলাধুলাকে জাতীয়করণের মাধ্যমে একটি নতুন দিগন্ত উন্মোচন করা হবে। বিভিন্ন ক্রীড়া সংগঠনের আর্থিক সীমাবদ্ধতা দূর করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি আগামীতে বাংলাদেশে খেলাধুলাকে পেশা হিসেবে পূর্ণাঙ্গ স্বীকৃতি দেওয়া হবে। এ লক্ষ্যে সাধারণ খেলোয়াড়দের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্যও মাসিক বেতন কাঠামো প্রণয়ন করা এখন সময়ের দাবি।