দলে চার স্পিনার
ঘরের মাঠে বরাবরই বাড়তি সুবিধা পায় অস্ট্রেলিয়ার পেসাররা। তাই নিজেদের ঢেরায় খেলা হলেই পেসারদের প্রাধান্য দিয়ে বোলিং আক্রমণ সাজায় অজিরা। তবে খেলা যখন শ্রীলঙ্কার মাঠে তখন তো আর পেস বোলিংয়ের ওপর সেভাবে ভরসা করা যায় না। অস্ট্রেলিয়াও তাই বাধ্য হয়ে কৌশলে পরিবর্তন এনেছে।
দুটি টেস্ট খেলতে চলতি মাসের শেষদিকে শ্রীলঙ্কা সফর করবে অস্ট্রেলিয়া। আসন্ন সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সে দলে চারজন স্পিনার রেখেছে তারা।
শ্রীলঙ্কা সফরের জন্য অস্ট্রেলিয়া দলে জায়গা পাওয়া বিশেষজ্ঞ স্পিনাররা হলেন নাথান লায়ন, ম্যাথু কুনেম্যান, টড মার্ফি ও কুপার কনোলি। এছাড়া পার্টটাইম স্পিনার হিসেবে ট্রাভিস হেড, মার্নাশ লাবুশান ও নাথান ম্যাকসুইনিরা তো থাকছেনই। বিপরীতে বিশেষজ্ঞ পেস বোলিং তালিকায় মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডকে রেখেছে তারা।
পিতৃত্বকালীন ছুটির জন্য শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না প্যাট কামিন্স। তাই আসন্ন সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। সবশেষ ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির দল থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। দলে ফেরানো হয়েছে নাথান ম্যাকসুয়েনিকে।
আগামী ২৯ জানুয়ারি সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে দুদল। ৬ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের শেষ টেস্ট।
শ্রীলঙ্কা সফরের জন্য অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, স্যাম কনস্টাস, জশ ইংলিশ, ট্রাভিস হেড, স্কট বোল্যান্ড, বাউ ওয়েবস্টার, ম্যাথু কুনেম্যান, মার্নাশ লাবুশান, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান লায়ন, মিচেল স্টার্ক, টড মার্ফি ও নাথান ম্যাকসুয়েনি।