স্প্রিন্টের শুরুটা দারুণ হয়েছিল তার। প্রায় ৮০ মিটার পর্যন্ত যে গতিতে দৌড়াচ্ছিলেন তাতে ছয়জনের মধ্যে তৃতীয় হওয়াটা প্রায় নিশ্চিত তার। কিন্তু শেষের ২০ মিটারে এসে পিছিয়ে পড়লেন ইমরানুর রহমান। খানিকটা টলে গেলেন। ব্যালেন্স হারালেন। এই সুযোগে এতক্ষণ আর পেছনে থাকা তাইওয়ানের অ্যাথলেট ইয়াং চুন-হ্যান তাকে ছাড়িয়ে তৃতীয় হলেন। ফিনিশিং লাইন টপকালে ইমরানুর চতুর্থ হয়ে। স্কোরবোর্ড জানালো তার টাইমিং ১০.৪৯ সেকেন্ড। এটা তার ক্যারিয়ার সেরার চেয়ে কম। নাগোয়া সিটির মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামের এককোণের ইলেকট্রনিক স্কোরবোর্ডে প্রথম তিনজনের নামের পাশে ইংরেজিতে বড় অক্ষরে ‘কিউ’ ভেসে উঠল। পরিষ্কার যে এই রেসে ইমরানুর কোয়ালিফাই করেননি। ফিনিশিং লাইন পেরিয়ে মন খারাপ করে থাকা ইমরানুর নিজেও সম্ভবত সেই দুঃখে দুঃখী। কিন্তু খানিকবাদে সার্বিক টাইমিংয়ের হিসাবনিকাশ শেষে জানা গেল, ইমরানুর রহমানের নামের পাশে ইংরেজি ছোট অক্ষরে লেখা ‘কিউ’। অর্থাৎ তিনিও ১০০ মিটারের সেমিফাইনালে উঠে গেছেন।
-কীভাবে?
ছয়টি হিটে সেরা তিনজন নিয়ে মোট ১৮ জন সরাসরি সেমিতে এসেছেন। তাই তাদের নামের পাশে বড় অক্ষরে লেখা ‘কিউ’। পরের ছয়জনকে বাছাই করা হয়েছে তাদের টাইমিংয়ের বিচারে। সেই তালিকায় ইমরানুর রহমান চলে এলেন। সব হিট মিলিয়ে সেরা ছয় টাইমিংধারী এই সুযোগ পান। এই প্রক্রিয়া যে ছয়জন সেমিতে জায়গা পেয়েছেন অফিসিয়াল রেজাল্ট শিটে তাদের নামের পাশে ইংরেজির ছোট অক্ষরে লেখা ‘কিউ’। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সেরা ২৪ জনের মধ্যে ২২তম হয়ে পরের ধাপে উঠেছেন তিনি। সেমিফাইনাল হবে আজ ২৫ সেপ্টেম্বর, জাপান সময় রাত ৭টা ৩৩ মিনিটে।
১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক পর্বে মোট ছয়টি হিট অনুষ্ঠিত হয়। ইমরানুর ছিলেন পঞ্চম হিটে, যেখানে অংশ নেন সাতজন স্প্রিন্টার। পাঁচ নম্বর লেনে দৌড়ানো বাংলাদেশের এই অ্যাথলেটের হিটে ছিলেন দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব মালদ্বীপের হাসান সাঈদও।
নিজের হিটে ইমরানুর ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন। তার সামনে থাকা চাইনিজ তাইপের স্প্রিন্টার ১০.৩৮ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। হিটে সরাসরি জায়গা না হলেও শেষ পর্যন্ত সময়ের ভিত্তিতে সেমিফাইনালে উঠে যান ইমরানুর। ছয় হিটের সেরা তিনজন বাদ দেওয়ার পর বাকি প্রতিযোগীদের মধ্যে সেরা ছয় টাইমিংয়ের একটি ছিল তার। ফলে ১০.৪৯ সেকেন্ড নিয়েও জায়গা করে নেন পরের ধাপে।
তবে নিজের সামর্থ্যের সেরা জায়গায় ছিলেন না বাংলাদেশের দ্রুততম মানব। তার ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড, আর চলতি মৌসুমের সেরা ১০.২৪ সেকেন্ড। এদিনের দৌড়ে কোনোটিই ছুঁতে পারেননি তিনি।
তারপরও সেমিফাইনালের দরজা খুলেছে ইমরানুরের সামনে। এখন আরো একবার গতি বাড়িয়ে নিজের সেরা সময়ের কাছাকাছি যাওয়ার চ্যালেঞ্জ বাংলাদেশের দ্রুততম মানবের। পারবেন আজ ইমরানুর নতুন ইতিহাস গড়তে?