রানের ঘর দেড়শোর আশেপাশোই থাকার কথা ছিল। তবে ফিনিশার হিসেবে নেমে সেটা হতে দিলেন না ফাহিম আশরাফ। ৮ বলে ২ ছক্কা ও ১ চারে ২০ রানের অপরাজিত ক্যামিও খেলে ভারতের বিপক্ষে দলকে এনে দিলেন লড়াকু সংগ্রহ। তাতে সুপার ফোরের ম্যাচে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছে পাকিস্তান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে আসল কাজটা করেছেন সাহিবজাদা ফারহান ও অভিজ্ঞ ফখর জামান। ফখর চাপ সামলে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ১৫ রানে আউট হলেও ফারহান ৪৫ বলে ৫৮ রান করে আউট হন। এছাড়াও সমান ২১ রান করেন সাইম আইয়ুব ও মোহাম্মদ নাওয়াজ। অধিনায়ক সালমান আলী আগা অপরাজিত থাকেন ১৭ রানে।
বাকিটা ফাহিমের ঝড়। ইনিংসের শেষ বলে পান্ডিয়াকে ছক্কা মেরেছেন ফাহিম। তাতেই ১৭১ রানের সংগ্রহ। টি–টোয়েন্টি ভারতের বিপক্ষে আগে ব্যাট করে এটাই পাকিস্তানের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ১৫৯, মেলবোর্নে ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে।
ভারতের পক্ষে ৩৩ রানে ২ উইকেট নেন শিবম দুবে। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৭১/৫ (ফারহান ৫৮, আইয়ুব ২১, নেওয়াজ ২১, আশরাফ ২০* সালমান ১৭*; দুবে ২/৩৩, পান্ডিয়া ১/২৯, কুলদীপ ১/৩১)।