আজ সাফের সভা শেষে সিদ্ধান্ত
মাঠে দর্শক টানতে নতুন ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজন করার উদ্যোগ নিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। আজ নেপালে অনুষ্ঠিত সাফের সভা শেষে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ মাসেই আমরা সদস্য দেশগুলোর সাধারণ সম্পাদকদের সঙ্গে সভা করব। সেই সভায় মূলত বাকি বিষয় চূড়ান্ত হবে। যদি কোনো সমস্যা বা বিপত্তি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আগের মতো কেন্দ্রীয় ভেন্যুতে সাফ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের প্রাথমিক সময়সূচি ১৫ জুন থেকে ২৫ জুলাই।’
নতুন ফরম্যাটের সাফের টুর্নামেন্ট আয়োজন করার করার কারণ হিসেবে আমার দেশকে আনোয়ারুল হক বলেন, ‘এই ফরম্যাটের খেলা হলে প্রত্যেকটি দেশ ঘরের দর্শক পাবে। তারা আরও বেশি ফুটবলের টাচে আসতে পারবে। আসিয়ান দেশগুলোও এই ফরম্যাটে টুর্নামেন্ট খেলছে। আমরাও পারব।’
সাফের সভায় ২০২৫ সালের ক্যালেন্ডারও অনুমোদন হয়েছে। সাফের নিজস্ব অর্থায়নে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ নামে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সাফের সাধারণ সম্পাদক বলেন, ‘সাফ পুরুষ ও নারীদের পাশাপাশি সাফ-২৩ ও সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ এই চারটি টুর্নামেন্টের জন্য মার্কেটিং কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। ২০২৬ সাল থেকে প্রতি বছর ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে।’
সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে মোট ৮ দেশ অংশ নেবে। র্যাংকিং কিংয়ে শীর্ষে থাকা দেশের দুটি ক্লাব ও বাকি দেশগুলো থেকে একটি ক্লাব টুর্নামেন্টে খেলবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে ক্লাবগুলো। ফাইনালটিও হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। পুরুষ ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রতি বছর হলেও নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে এক বছর অন্তর অন্তর।