সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছিল। তবে ‘প্রিন্স অব কলকাতা’ নয়, পরবর্তী বোর্ড সভাপতি হতে চলেছেন সাবেক ক্রিকেটার মিঠুন মানহাস। যাকে বলা হয় ভারতের ঘরোয়া ক্রিকেটের রাজা। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
মানহাস ভারত জাতীয় দলের হয়ে কখনো খেলেননি। তবে ঘরোয়া ক্রিকেটে রাজত্ব করেছেন দাপটের সঙ্গে। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলতেন দিল্লির হয়ে। দু'বছর তিনি জম্মু ও কাশ্মীরের হয়েও খেলেছেন। এছাড়া আইপিএলে দিল্লি ডেয়ারডেভিল, পুনে ওয়ারিয়র, চেন্নাই সুপারকিংসে খেলেছিলেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৭ ম্যাচে ৯৭১১ রান আছে তাঁর। আইপিএলে ৫৫ ম্যাচে ৫১৪ রান করেছিলেন তিনি। এছাড়া ভারতীয় এ দলে বেশ কয়েকবার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে মাঠে নামা হয়নি কখনো। জানা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই বিসিসিআই-এর সভাপতি পদে বসতে চলেছেন মিঠুন মানহাস। সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন তিনি।