কোপা দেল রের রাউন্ড অব থার্টি টুর ম্যাচে রিয়াল মাদ্রিদের সামনে ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেনি মিনেরা। তাদের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
শক্তি, স্বার্থ কিংবা ইতিহাস সবদিক থেকেই মিনেরার চাইতে যোজন যোজন এগিয়ে রিয়াল। মাঠের খেলাতেও ছিল সেটার প্রতিফলন। ম্যাচজুড়ে স্পেনের চতুর্থ স্তরের ক্লাবটির ওপর প্রভাব বিস্তার করেছে সাদা জার্সিধারীরা। তাদের একের পর এক আক্রমণে দিশেহারা ছিল মিনেরা।
শুরুর একাদশে প্রথম পছন্দের কোনো ফরওয়ার্ডকে নামায়নি রিয়াল। এরপরও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। প্রথমার্ধেই ৩ গোল করে তারা। পঞ্চম মিনিটে ফেদে ভালভার্দের কল্যাণে লিড নেয় লস ব্লাঙ্কোসরা। ৮ মিনিট পর ব্যবধান ২-০ করেন এদোয়ার্দো কামাভিঙ্গা। ২৮ মিনিটে জালের দেখা পান আর্দা গুলের। ৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতি থেকে ফেরার ১০ মিনিটের মাথায় স্কোরলাইন ৪-০ করেন লুকা মদরিচ। নির্ধারিত সময়ের ২ মিনিট আগে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে শেষ গোলটি করেন গুলের।