লড়াইটা ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের মাঠে। অতিথি আর্সেনাল। এমন ম্যাচ মাঠে গড়ানোর আগে যে কেউ বাজি ধরতে চাইবে গানারদের পক্ষে। কিন্তু ম্যাচের ফল কিন্তু ফুটবল অনুরাগীদের প্রত্যাশা মাফিক আসেনি। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে হোঁচট খেয়েছে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। এ জায়ান্ট ক্লাবকে ১-১ গোলে রুখে দিয়েছে পুঁচকে ব্রাইটন। অন্যদিকে হারের খোলস ভেঙে ম্যানচেস্টার সিটি জয়ে ফিরেছিল আগের ম্যাচে। লেস্টার সিটিকে তারা ধরাশায়ী করেছিল ২-০ গোলে। শনিবার রাতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয়ের ছন্দটা ধরে রাখল কোচ পেপ গার্দিওলার দল। নতুন বছরের প্রথম ম্যাচে ইতিহাদে আর্লিং হলান্ডের জোড়া গোলে সিটি জিতেছে ৪-১ ব্যবধানে। লিগের আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১- ১ গোলে ড্র করেছে চেলসি।
প্রতিপক্ষ ব্রাইটনের মাঠে আর্সেনাল এগিয়ে যায় ম্যাচের ১৬ মিনিটেই। গানারদের জার্সিতে গোলটি উপহার দেন ইথান এনওয়ানেরি। কিন্তু শক্তিশালী দল হয়েও জয়ের দেখা পায়নি সফরকারীরা। লড়াইয়ের ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল পেয়ে যায় স্বাগতিক ব্রাইটন। যে কারণে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। যত নষ্টের গোড়া ‘উদ্ভট’ ওই পেনাল্টি। যে কোরণে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট খোয়াল আর্সেনাল। এই পেনাল্টি নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় বইয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পেনাল্টির বৈধতা যাচাই করতে রীতিমতো পোলের ব্যবস্থা করেছে বিবিসি। ব্রিটিশ সংবাদমাধ্যমটির জিজ্ঞাসার জবাবে সিংহভাগ ক্রীড়াপ্রেমীের মতামত বিপক্ষেই গেছে। আর্সেনাল কোচ আর্তেতা তো বলেই দিয়েছেন এমন অদ্ভূদ পেনাল্টি জীবনে কখনো চোখে পড়েনি। হুট করেই আর্সেনালের সালিবার মাথার সঙ্গে ব্রাইটনের জোয়াও পেদ্রোর মাথার সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কা খেয়ে মাঠেই গড়াগড়ি খান পেদ্রো। সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন রেফারি অ্যান্থনি টেলর। পরে চোট পাওয়া পেদ্রোই বিতর্কিত পেনাল্টি থেকে গোল আদায় করে সমতা ফেরান ম্যাচে।
আর্তেতা বলছেন, পেদ্রো সঙ্গে সালিবার সংঘর্ষটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই না। যে কারণে এটা কোনো পেনাল্টি না। খেলা শেষে আর্সেনাল কোচ বলেন, ‘রেফারির এই সিদ্ধান্তে আমরা ভীষণ হতাশ। আমি আমার জীবনে এমন কিছু দেখিনি। সেও (পেদ্রো) কিন্তু বল স্পর্শ করেছিল। এটা উদ্ভট সিদ্ধান্ত। আমাদের কেউই সম্ভবত এমনটা আগে কখনো দেখিনি, আমার ক্যারিয়ারে তো নয়ই। আমি ছেলেদের জিজ্ঞেস করেছিলাম তারা দেখেছে কি না। সবাই বলেছে দেখেনি। এ ধরনের ঘটনা আমাদের কাছে একেবারেই নতুন।’
আর্তেতা কিছুতেই যেন পেনাল্টিটা মানতে পারছেন না। কিন্তু ব্রাইটন কোচ ফাবিয়ান হুরজেলার বলছেন উল্টো কথা। তার মতে, মাঠের রেফারি ঠিক সিদ্ধান্তই দিয়েছেন, ‘এটা স্পষ্ট পেনাল্টি ছিল। মাথার সঙ্গে মাথার সংঘর্ষ হয়েছিল। কিন্তু শরীরের অন্য অংশ দিয়েও যদি ধাক্কা দেওয়া হয়ে থাকে, তাহলে সবাই বলবে এটা পেনাল্টি। জোয়াও পেদ্রো বলে আগেই মাথা ছুঁইয়েছিল, সালিবা অনেক পরে এসেছে।’
কিংবদন্তি ইংলিশ ফুটবলার গ্যারি লিনেকারের কণ্ঠেও মিলল আর্তেতার সুর, ‘স্পষ্ট দেখা গেছে, সালিবা হেড করতে চেয়েছিল। দুর্ঘটনাবশত মাথার সংঘর্ষের কারণে পেনাল্টি দেওয়া হয়, এমনটা কখনো দেখিনি।’ বিবিসির ‘ম্যাচ অব দ্য ডে’র আরেক আলোচক ড্যানি মার্ফি বলেন একই কথা, ‘সংঘর্ষের আগে ওরা দুজনই বলে হেড করেছিল। এর মানে, তারা বলের জন্য ছুটছিল। কিন্তু (দুর্ঘটনাবশত) একই সময়ে হেড করেছে।’
আর্তেতার ক্লাব এখন পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে। সবার ওপরে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান এখন ৫ পয়েন্টের। অবশ্য ব্যবধানটা কমিয়ে তিনে নামিয়ে আনার দারুণ সুযোগ ছিল। কিন্তু দুর্ভাগ্যের ফেরে বাস্তবে তেমন কিছু করা সম্ভব হয়নি আর্সেনালের। ১৮ ম্যাচ খেলে লিভারপুলের সংগ্রহ ৪৫ পয়েন্ট। দুই ম্যাচ বেশি খেলে আর্সেনালের পুঁজি ৪০ পয়েন্ট।