নাটকীয় ফাইনাল যাকে বলে, তার সবটুকু রোমাঞ্চই যেন উপহার দিল নিউজিল্যান্ড। জয়ের দুয়ারে গিয়েও হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। আর হারের পথে থাকা নিউজিল্যান্ডই শেষে বাজিমাত করেছে। অবিশ্বাস্যভাবে মাত্র ৩ রানে জিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে কিউরা। হাতের মুঠোয় থাকা জয় হাতছাড়া করে ‘চোকার্স’ বদনামটা আবারও যেন ফিরিয়ে আনল প্রোটিয়ারা। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮০ রানের সংগ্রহ গড়ে কিউইরা। জবাবে ৬ উইকেটের বিনিময়ে ১৭৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
অপরাজিত থেকে ফাইনালে নাম লেখেছিল নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচেও কিউইরা খেলল দাপটের সঙ্গে। চমৎকার পারফরম্যান্সের ছন্দটা ধরে রেখে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপ জিতে নিয়েছে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড। এ নিয়ে সিরিজে টানা পাঁচ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হলো কিউইরা। ফাইনালের আগে প্রোটিয়া ও জিম্বাবুয়েকে দুবার করে হারিয়েছে তারা।
হারারে স্পোর্টস ক্লাবে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে নিউজিল্যান্ড। দলীয় ৭৫ রানে ভাঙে ওপেনিং জুটি। ৩০ রান নিয়ে ফেরেন ওপেনার টিম সেইফার্ট। তবে দারুণ ব্যাটিং করে যান ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। দুজনেই দলীয় স্কোরে যোগ করেন সমান ৪৭ রান করে। তাতে ৫ উইকেট হারিয়ে ১৮০ রানের সংগ্রহ করে কিউইরা। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি উইকেট শিকার করেন লুঙ্গি এনগিডি।
জবাবে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরাও ঝলক দেখাতে থাকেন। ফিফটি হাঁকান ওপেনার লুহান-দ্রে-প্রিটোরিয়াস। ৩৫ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় উপহার দেন ৫১ রানের দুর্বার এক ইনিংস। প্রিটোরিয়াস সাজঘরে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। তখন আফ্রিকান দলটির দলীয় স্কোর ছিল ৯২। পরে আরেক ওপেনার রিজা হেন্ড্রিকসের ব্যাট ছুঁয়ে আসে ৩৭ রান। ডেওয়াল্ড ব্রেভিস যখন ফেরেন দক্ষিণ আফ্রিকার পুঁজি তখন ১৭৪। জয়ের জন্য প্রোটিয়াদের ৪ বলে দরকার ছিল ৭ রান। কিন্তু দুর্ভাগ্য! সমীকরণটি মেলাতে পারেনি তারা। ৬ উইকেট হারিয়ে ১৭৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১৮০/৫, ২০ ওভার (কনওয়ে ৪৭, রাচিন ৪৭, সেইফার্ট ৩০ ; এনগিডি ২/২৪ ও সেনুরান ১/২৭)।
দক্ষিণ আফ্রিকা: ১৭৭/৬, ২০ ওভার (প্রিটোরিয়াস ৫১, হেন্ড্রিকস ৩৭, ব্রেভিস ৩১; হেনরি ২/১৯, ডাফি ১/৩৬ ও জাকারি ১/৩৬)।
ফল: নিউজিল্যান্ড ৩ রানে জয়ী।
ম্যাচসেরা: ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)।
সিরিজসেরা: ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)।