‘এ’ গ্রুপ থেকে আগেভাগেই সেমিফাইনালের দুদল নির্ধারিত হয়ে গেছে। ভারত ও নিউজিল্যান্ড এই গ্রুপ থেকে শেষ চারে খেলছে। কিন্তু ‘বি’ গ্রুপের চার দলের সবাই দুটি করে ম্যাচ খেলে ফেললেও এখন পর্যন্ত সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়নি। টানা দুই ম্যাচ হারে ইংল্যান্ডের জন্য চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে গেছে। তবে গ্রুপের বাকি তিন দল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানÑ তিন দলেরই সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল। সমীকরণ তা-ই জানাচ্ছে। তবে সেমিতে খেলবে তো দুদল। এই গ্রুপে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচটি বাকি রয়েছে। এই ম্যাচ শেষেই ‘বি’ গ্রুপের দুই সেমিফাইনালিস্ট চূড়ান্ত হবে। চলুন, তার আগে জেনে নিই এই গ্রুপের সেমিফাইনালের সমীকরণটা কেমন।
যদি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জেতে
নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা জিতলে সর্বোচ্চ পাঁচ পয়েন্ট নিয়ে দুদলই সেমিতে খেলবে। এই গ্রুপের শীর্ষ দল কে হবেÑ সেটা তখন নির্ধারিত হবে রানরেটের ভিত্তিতে। একটু জানিয়ে দিই, এই গ্রুপে এখন দক্ষিণ আফ্রিকার রানরেট বাকি সবার চেয়ে ভালো। তাদের পয়েন্ট হলো তিন, রানরেট ২.১৪। অস্ট্রেলিয়ারও সমান তিন পয়েন্ট, রানরেট ০.৪৭৫। আফগানিস্তানের দুই ম্যাচে পয়েন্ট দুই, রানরেট -০.৯৯।
যদি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড জেতে
অস্ট্রেলিয়া পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপে লিডার হবে। দক্ষিণ আফ্রিকার অবশ্য তখনো তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় হবে। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা এই গ্রুপে থেকে সেমিফাইনালে যাবে।
যদি আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা জেতে
দক্ষিণ আফ্রিকা তখন সর্বোচ্চ পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ লিডার হবে। এই সমীকরণে আফগানিস্তান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকবে। এমন অবস্থায় এই গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান সেমিতে খেলবে।
যদি আফগানিস্তান ও ইংল্যান্ড জেতে
আফগানিস্তান তখন গ্রুপে চার পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকবে। এমন পরিস্থিতিতে তিন পয়েন্ট নিয়ে থাকা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে রানরেটে এগিয়ে থাকা দলটিই সেমিফাইনালে খেলবে। রানরেটে দক্ষিণ আফ্রিকা এ মুহূর্তে গ্রুপে বাকি সবার চেয়ে এগিয়ে রয়েছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে বাজেভাবে হারলে দক্ষিণ আফ্রিকার রানরেট মন্দও হয়ে যেতে পারে।
যদি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়
এই আশঙ্কা যথেষ্ট আছে। লাহোরে আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে উভয় দল এক পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে চার আর আফগানিস্তানের তিন। চার পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া সেমিফাইনালের একটি দল হবে।
যদি দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে প্রোটিয়ারা সর্বোচ্চ পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সেমিতে খেলবে। তবে যদি ইংল্যান্ড এই ম্যাচ জিতে নেয়, তাহলে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান উভয় দলের পয়েন্ট সমান তিন হবে। এমন পরিস্থিতিতে গ্রুপ থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারণের জন্য রানরেটের হিসাব গণনা করা হবে। দক্ষিণ আফ্রিকা রানরেটের অঙ্কে আফগানিস্তানের চেয়ে অনেক ওপরে।
গ্রুপ ‘বি’
দল ম্যাচ জয় হার টাই নো রেজাল্ট পয়েন্ট রানরেট
দক্ষিণ আফ্রিকা ২ ১ ০ ০ ১ ৩ ২.১৪০
অস্ট্রেলিয়া ২ ১ ০ ০ ১ ৩ ০.৪৭৫
আফগানিস্তান ২ ১ ১ ০ ০ ২ -০.৯৯০
ইংল্যান্ড ২ ০ ২ ০ ০ ০ -০.৩০৫