হোম > খেলা

নাটকীয় জয়ে নতুন মাইলফলকে রিয়াল

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদের ফুটবলারদের গোলের উল্লাস

অন্যদের কথা বাদ দেওয়া যাক। খোদ রিয়াল মাদ্রিদ সমর্থকরাও ধরেই নিয়েছিলেন, হারের তেতো স্বাদই হজম করতে যাচ্ছে মাদ্রিদের জায়ান্ট ক্লাবটি। মেস্তালা স্টেডিয়ামের চিত্রনাট্যই বলছে, ফুটবল অনুরাগীদের মনে এমন ভাবনা না আসলে বরং সেটা তো অস্বাভাবিক! কেননা নাটকের পর নাটক মঞ্চস্থ হওয়ায় স্প্যানিশ চ্যাম্পিয়নদের সবকিছু যেন এলোমেলো মনে হচ্ছিল।

মাঠের লড়াইয়ের বয়স আধা ঘণ্টা পূর্ণ হওয়ার তিন মিনিট আগেই পিছিয়ে পড়ে রিয়াল। স্বাগতিক ভ্যালেন্সিয়াকে লিড এনে দেন হুগো দুরো। বিরতির পর হারের শঙ্কাটা আরও বেড়ে যায় বহুগুণে। দ্বিতীয়ার্ধে খেলা মাঠে গড়ানোর মিনিট দশেক না যেতেই স্কোর লেভেল করার সুবর্ণ সুযোগ হারায় অতিথিরা। পেনাল্টি মিস করে রিয়াল শিবিরকে রাজ্যের হতাশায় ডুবিয়ে দেন জুড বেলিংহ্যাম। খানিকক্ষণ বাদে কিলিয়ান এমবাপ্পের গোল বাতিল হয়ে যায় মাঠের রেফারি অফসাইডের বাঁশি বাজানোয়। পরে ভ্যালেন্সিয়ার গোলকিপারকে ফাউল করে দলের জন্য বিপদ ডেকে আনেন ভিনিসিয়ুস জুনিয়র। এত নাটকীয়তার পর লড়াইয়ে বাকি ছিল তখন মাত্র ১০ মিনিটের মতো। এমন করুণ দশায় রিয়ালের জয়ের স্বপ্ন দেখাটা যে কারও জন্যই কঠিন।

তবে রিয়াল মাদ্রিদ দেখিয়ে দিয়েছে অসম্ভব বলতে কিছু নেই। ম্যাচ শেষ হওয়ার আগে কিছুতেই হাল ছাড়ে না তারা। লুকা মদরিচ-বেলিংহ্যামদের জন্য প্রত্যাবর্তনের দারুণ রোমাঞ্চকর গল্প লেখাটা মোটেই দুঃসাধ্য কিছু নয়। তাই তো হারের দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা ছিনিয়ে নিলেন অবিশ্বাস্য এক জয়। শেষ দিকের আক্রমণের ঝড় তুলে জিতেছে তারা ২-১ গোলে। বদলি ফুটবলার লুকা মদরিচ (৮৫ মিনিট) এনে দেন সমতাসূচক গোল। পরে ইনজুরি টাইমে বেলিংহ্যাম (৯০+৫ মিনিট) উপহার দেন জয়সূচক গোল।

নাটকীয় এ জয়ে অসাধারণ এক কীর্তি গড়েছে রিয়াল। লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে পৌঁছেছে ৫ হাজার পয়েন্টের মাইলফলকে। শুরু থেকে এখন পর্যন্ত রিয়ালের পয়েন্ট এখন ৫০০২।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘পেনাল্টি মিস ও গোল বাতিলের পরও আমরা ম্যাচে ফিরতে পেরেছি। প্রথমার্ধে আমরা কতটা খারাপ খেলেছি এবং বিরতির পর কতটা ভালো খেলেছি তা বোঝানো কঠিন। এই ৩ পয়েন্ট আমাদের প্রাপ্য ছিল। তাই বলে আমি এর পুনরাবৃত্তি চাই না।’

বছরের শুরুতে ভিনির লাল কার্ড পাওয়াটা মেনে নিতে পারেননি আনচেলত্তি, ‘আমরা মনে করি, এটা লাল কার্ড ছিল না, দুটি হলুদ কার্ড। আমরা আপিল করব। জানি না তারা (লা লিগা কর্তৃপক্ষ) এটা মানবে কি না। আমরা মনে করি না এটা লাল কার্ড দেখার মতো ছিল।’

দারুণ এ জয়ে নতুন বছর শুরু করল রিয়াল মাদ্রিদ। তাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে হটিয়ে লা লিগার পয়েন্ট তালিকার চূড়ায়ও উঠে গেছে আনচেলত্তির দল। ১৯ ম্যাচ খেলে রিয়ালের পুঁজি এখন ৪৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা অ্যাটলেটিকোর সংগ্রহ ৪১ পয়েন্ট। বার্সেলোনার তিনে রয়েছে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে। পয়েন্ট টেবিলের এ রাজত্ব রিয়াল অটুট রাখতে পারবে ১২ জানুয়ারি পর্যন্ত। কেননা তার আগে অ্যাটলেটিকো লিগে আর কোনো ম্যাচ নেই।

ব্যক্তিগত রেকর্ড নয়, এমবাপ্পের চোখ ট্রফিতে

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান