পাওয়ার প্লেতে তাসকিন-শেখ মাহেদীদের দুর্দান্ত বোলিং। পুরো ম্যাচে সেটার ধারাবাহিকতা ধরে রাখলো বাংলাদেশ। বোলিং ফিল্ডিংয়ে দেখাল নৈপুণ্য। তাতে ২০ ওভারে পাকিস্তান করতে পারল ৮ উইকেটে ১৩৫। এশিয়া কাপের ফাইনাল খেলতে হলে ১২০ বলে বাংলাদেশকে করতে হবে ১৩৬ রান।
টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরে বাংলাদেশ। তাসকিন আহমেদ-শেখ মাহেদিদের বোলিং বীরত্বে পাওয়ার প্লেতে ত্রিশের ঘরেও রান করতে পারেনি পাকিস্তান। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে তারা তোলে ২৭ রান।
প্রথম ১০ ওভারে ৪ উইকেটে ৪৬ রান তোলা দলটি শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে যোগ করেছে ৮৯ রান। গোটা তিনেক ক্যাচ ছাড়ার মূল্যই দিল বাংলাদেশ। শূন্য রানে জীবন পেয়ে ১৫ বলে ২৫ রান করেছেন মোহাম্মদ নেওয়াজ। দুবার ক্যাচ তুলেও ১ ও ২ রানে জীবন পাওয়া শাহিন আফ্রিদি করেছেন ১৯ রান। আর তাতেই শেষ পর্যন্ত ১৩০ ছাড়িয়েছে পাকিস্তান।
টি–টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে এটি পাকিস্তানের তৃতীয় সর্বনিম্ন ইনিংস। ২০১১ সালে মিরপুরেও একবার ১৩৫ করেছিল দলটি। সেই ম্যাচটি ৫০ রানে জিতেছিল পাকিস্তান। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ৮৫ রান করতে পেরেছিল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৩৫/৮ (হারিস ৩১, নেওয়াজ ২৫, আফ্রিদি ১৯, সালমান ১৯, ফাহিম ১৪*, ফখর ১৩; তাসকিন ৩/২৮, রিশাদ ২/১৮, মেহেদী ২/২৮, মোস্তাফিজ ১/৩৩)।