বাংলাদেশ জাতীয় হকি দলের সামনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের জলন্ধর ও মোহালিতে হবে এই টুর্নামেন্ট। আসন্ন টুর্নামেন্টের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে স্বাগতিক ভারত, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চীন খেলবে। লিগ পদ্ধতিতে হবে ছয় দলের এই আসর। লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। বাংলাদেশের ম্যাচের সূচিও নির্ধারিত হয়েছে। ২৭ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ২৯ অক্টোবর জাপান, ৩০ অক্টোবর মালয়েশিয়া, ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ দলে আছেন বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, এমএম মেহরাব হাসান সামিন, ওবায়দুল হোসেন জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খিসা মিমো, রকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, নুরজ্জামান নয়ন, রাসেল মাহমুদ জিমি, সোহানুর রহমান, আবেদ উদ্দিন, তৈয়ব আলী, তানভীর রহমান সিয়াম, মো. আব্দুল্লাহ, মাহমুদ হাসান, আল নাহিয়ান শুভ, আরশাদ হোসেন, শহিদুর রহমান সাজু ও দ্বীন ইসলাম ইমন। দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন রাহুল কান্তি রায়। সহকারী ম্যানেজার আকিল সিদ্দিক, প্রধান কোচ গেরহার্ড পিটার রাখ, কোচ শহিদুল্লাহ টিটু, ভিডিও অ্যানালিস্ট ইমরান হাসান এবং ফিজিও তৌহিদুল ইসলাম। হকি ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত খেলোয়াড়দের আগামীকাল দুপুর ২টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রিপোর্ট করতে হবে। সেখান থেকেই শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফির প্রস্তুতি।