হুইলচেয়ার জাতীয় ক্রিকেট দল গঠনের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিসিবি হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’। ২ ও ৩ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী গুলশান ইয়ুথ ক্লাব মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শারীরিকভাবে প্রতিবন্ধী হুইলচেয়ার ব্যবহারকারী খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন। এই টুর্নামেন্টে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা—মোট চারটি দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে পদ্মা ও মেঘনা দলের মুখোমুখি লড়াইয়ে পদ্মা দল ৪ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে মেঘনা দল নির্ধারিত ওভারে ৯৯ রান করে ম্যাচ জিতে নেয়। এই ম্যাচে ৩৯ রান ও ১ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন রবিন।
দ্বিতীয় ম্যাচে সুরমা ও যমুনা দলের লড়াইয়ে সুরমা দল ৫ উইকেটে ৮৭ রান করে। লক্ষ্য তাড়া করতে নেমে যমুনা দল ৩ উইকেট হারিয়ে ৮৯ রান তুলে ৭ উইকেটে জয় পায়। ৩৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন রায়হান।
তৃতীয় ম্যাচে পদ্মা ও সুরমা দলের মুখোমুখি লড়াইয়ে পদ্মা দল ৫ উইকেটে ৮৩ রান সংগ্রহ করে। জবাবে সুরমা দল ২ উইকেট হারিয়ে ৮৬ রান তুলে ৮ উইকেটে জয় নিশ্চিত করে। এই ম্যাচে ৩২ রান ও ১ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হন জুলহাস।
বিসিবি হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতাই নয়, বরং শারীরিকভাবে প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিসিবির অভিজ্ঞ আম্পায়ার, স্কোরার, কোচ, ক্লাসিফায়ার, বিসিবি-ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের নির্বাহী সদস্য, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও হুইলচেয়ার সহায়তাকারীরা সক্রিয় ভূমিকা পালন করছেন।
বিশেষভাবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন বিসিবি-ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের মেম্বার সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মো. সানোয়ার হোসেন। এ ছাড়া নির্বাহী সদস্য ড. মারুফ আহমেদ মৃদুল, মো. মনিরুজ্জামান, মো. হেদায়েতুল আজিজ ও মো. নাঈম হাওলাদার টুর্নামেন্টে উপস্থিত ছিলেন।