দিন কয়েক আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় গঠন করা অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলরশিপ দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় পাঠানো এই চিঠির আগে দুই দফায় কাউন্সিলর মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য দুই দফায় সময় বাড়ায় বিসিবি। সব মিলিয়ে বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তামিম ইকবাল। গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন। তার দাবি, বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হচ্ছে।
গতকাল সংবাদ সম্মেলনে তামিম দাবি করেন, নিজেদের পছন্দমতো কাউন্সিলর না পেয়ে তা পরিবর্তন করতে বলে চিঠি দিয়েছে বিসিবি। তার কথায়, ‘প্রথমে যে কাউন্সিলরগুলো বিসিবিতে জমা হয়েছে যেগুলো ডিসি সাইন করা। অনেকের সাইনড রিসিভড কপি আমাদের কাছে আছে। যখন এই কাউন্সিলরগুলো বিসিবিতে জমা, তখন শিওর তাদের ক্যালকুলেশন আছে, তাদের লোক কারা, তাদের লোক কারা না। তখনই তাদের টাইম এক্সটেনশনের ব্যাপারটা ভেরি ক্লিয়ারলি এভিডেন্ড হয়ে গেল। না হচ্ছে না, অন্যভাবে এদের প্রেশার দিতে হবে, এভাবে আমরা পারছি না।’ এভাবেই বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এই গভর্নমেন্টের পক্ষপাতী হওয়ার দরকারটা কী? এখানে আমি আসি, আরেকজন আসুক বা আরেকজন আসুক- সবাই তো তাদেরই লোক। এখানে যেই আসুক তাদের ওপেন আর্মে ওয়েলকাম করা উচিত।’
এছাড়া তামিম আরো দাবি করেন, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সচিব বিভিন্ন সময় চিঠি পাঠিয়ে বিসিবিতে হস্তক্ষেপ করছেন। এ নিয়ে তামিম বলেন, ‘এনএসসির সেক্রেটারির কাছ থেকে বিভিন্ন সময়ে চিঠি যাওয়া, বিভিন্ন জিনিসে ইন্টারফেয়ার করা- এই জিনিসগুলো বিসিবিতে কী কারণে হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ওন করে ১৮ কোটি মানুষ।’ পাশাপাশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সমালোচনা করে তামিম বলেন, ‘বুলবুল ভাই রিসেন্টলি একটা ডেইলিতে ইন্টারভিউতে বলেছেন যে, ইলেকশন কীভাবে হয় সেই আইডিয়া তার নেই। তিনি কোনো কিছুই জানেন না, হি হ্যাজ জিরো আইডিয়া। যদি তিনি কোনো কিছু না জেনে থাকেন, তাহলে আপনারা রিসেন্টলি একটা চিঠি পেয়েছেন, যেখানে তিনি নিজে সাইন করে পাঠিয়ে বলেছেন আগের কাউন্সিলর ছিল তাদের বাদ দেওয়া হোক। অনলি অ্যাডহক কমিটি থেকে অ্যাপ্রুভ করা হোক। নতুন করে আমরা ফরম পাঠাচ্ছি, যে চিঠিতে তিনি সাইন করেছেন। আগের সব চিঠিতে কিন্তু সিইওর সাইন করা।’
তিনি আরো যোগ করেন, ‘এত বড় একটা চিঠি, এত কিছু উল্লেখ করে পাঠিয়ে থাকেন, তাহলে নিশ্চয় ইলেকশনের ব্যাপারে অনেক কিছুই জানেন। আমার কাছে মনে হয় যে, এই নোংরামিটা আমাদের করার দরকার নেই। আমি সব সময় একটা কথা বললাম, ক্রিকেট ইজ ফর অল, ক্রিকেট ইজ নট ফর এনি ইন্ডিভিজুয়াল, ইট ডাজ নট বিলংস টু অ্যা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। ইট বিলংস টু বাংলাদেশ।’
স্বচ্ছ নির্বাচনের দাবি করে তামিম বলেন, ‘ইলেকশন হবে ফেয়ার ইলেকশন হবে। এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না। কোনো ধরনের গভর্নমেন্টের ইন্টারফেয়ারেন্স থাকবে না এটাই আমরা আশা করি। এর চেয়ে আমার বেশি কিছু বলার নেই।’