এশিয়ান গেমসে জয়ের স্বপ্ন জাগিয়েও শেষটা হতাশার হলো বাংলাদেশ নারী হকি দলের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে হুয়াং ইউ-টিংয়ের গোলে এগিয়ে যায় চাইনিজ তাইপে। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৯তম মিনিটে কনা আক্তারের গোলে সমতা ফেরায় তারা। মাত্র পাঁচ মিনিট পর, ২৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন কনা। ম্যাচের নিয়ন্ত্রণও তখন চলে আসে বাংলাদেশের হাতে।
তবে সেই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের ৪৫তম মিনিটে ওয়াং ইউ-চিউ গোল করে চাইনিজ তাইপেকে সমতায় ফেরান। এরপর শেষ কোয়ার্টারে আবারও হুয়াং ইউ-টিংয়ের আঘাত। নিজের দ্বিতীয় গোল করে ৩-২ ব্যবধানে চাইনিজ তাইপেকে এগিয়ে দেন তিনি।
শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ফলে জয়ের আশা জাগিয়েও হারের হতাশা নিয়েই গ্রুপ পর্ব শেষ করতে হয়েছে তাদের।
এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশের শুরুটা হয়েছিল চীনের বিপক্ষে ১৩-০ গোলের বড় হার দিয়ে। এরপর মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারে বাংলাদেশ। চতুর্থ ম্যাচে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলের ড্রয়ে প্রথম পয়েন্ট পায় দলটি।
পাঁচ ম্যাচে এক পয়েন্ট নিয়ে পুল ‘এ’-তে পঞ্চম স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের চারটিতেই হার। অন্যদিকে সমান পাঁচ ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে চীন।